Arjun Singh: মাত্র ৫০ হাজারেই মিলবে নিজের ফ্ল্যাট! স্বপ্নের আবাসন পেতে এখনই জেনে নিন আসল সত্যিটা
কলকাতা: চটকল শ্রমিকদের জন্য স্বপ্নপূরণের অভাবনীয় বার্তা নিয়ে এল রাজ্য সরকার। জরাজীর্ণ কোয়ার্টার ছেড়ে এবার মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে নিজেদের পাকা ফ্ল্যাট পেতে চলেছেন তাঁরা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এই ঐতিহাসিক প্রকল্পের বড় ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০-এর ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যোগ্য চটকল শ্রমিকদের জন্যই এই নিরাপদ ও সস্তা আবাসনের বন্দোবস্ত করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে এই স্বপ্নের প্রকল্প।দীর্ঘদিন ধরে চরম বেহাল ও জরাজীর্ণ শ্রমিক কোয়ার্টারে দিন কাটাচ্ছেন হাজার হাজার চটকল শ্রমিক ও তাঁদের পরিবার। তাঁদের মাথার ওপর সুরক্ষিত ছাদ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানান শ্রমমন্ত্রী। ইতিমধ্যেই প্রায় আট হাজার শ্রমিক এই ফ্ল্যাটের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, যাঁর মধ্য থেকে আবেদনপত্র খতিয়ে দেখে যোগ্যদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। প্রতিটি ফ্ল্যাট তৈরির জন্য আনুমানিক খরচ ধার্য করা হয়েছে সাড়ে ৫ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১.৫০ লক্ষ টাকা এবং রাজ্য সরকারের ঘর থেকে মিলবে ২.৭৯ লক্ষ টাকা। আবেদনকারী শ্রমিককে মাত্র ৫০ হাজার টাকা দিতে হবে, আর বাকি প্রায় ৭১ হাজার টাকা মেটাবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নিজেই।প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে প্রায় ৩২০ থেকে ৪৮৫ বর্গফুট। এতে দুটি ঘর, একটি রান্নাঘর ও একটি শৌচাগার থাকবে। সাধারণত জি+৩ অর্থাৎ চারতলা ভবনে প্রতি তলায় চারটি করে মোট ১৬টি ফ্ল্যাট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আবাসন গড়ে তোলার জন্য উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে হুগলিতে আবেদন প্রক্রিয়া সহজ করতে শ্রম কমিশনারেটের সহায়তায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। রূপান্তরকামী, প্রবীণ নাগরিক, বিধবা, একক মহিলা, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের এই ফ্ল্যাট বণ্টনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের ক্ষেত্রে নিচতলার ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিফাইড ওয়েব পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হবে, তবে ফ্ল্যাট পাওয়ার পর প্রথম পাঁচ বছর তা হস্তান্তরিত বা বিক্রি করা যাবে না।[TECHTARANGA-POST:13123]