Hidden Stories (বাংলা)

১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বিপাকে পড়তে পারেন গ্রাহকরা

কলকাতা: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে ভোগান্তির মুখে পড়তে পারে সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড (Labour Codes) এবং বেসরকারিকরণের প্রতিবাদের পাশাপাশি একাধিক দাবিতে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্কিং ইউনিয়ন। এই ধর্মঘটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ইউকো ব্যাঙ্ক (UCO Bank), আইডিবিআই (IDBI) এবং ব্যাঙ্ক অফ বরোদার (BoB) মতো বড় ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনগুলোও শামিল হতে চলেছে।অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI)-সহ মোট ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের মূল দাবিগুলি হল - ২৯টি শ্রম আইন পরিবর্তন করে যে চারটি নতুন শ্রম কোড আনা হয়েছে, তার বিরোধিতা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলির বেসরকারিকরণের প্রক্রিয়া বন্ধ করা। ব্যাঙ্ককর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কাজের দাবি পূরণ করা। এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বা আউটসোর্সিং বন্ধের দাবি।দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ইতিমধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জকে (BSE) জানিয়েছে, ধর্মঘটের কারণে তাদের শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম আংশিক বা পুরোপুরি ব্যাহত হতে পারে। যদিও, ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরিষেবা সচল রাখার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। তবুও চেক ক্লিয়ারেন্স, নগদ জমা ও তোলার মতো কাজগুলি বিলম্বিত হতে পারে।একইভাবে, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইউকো ব্যাঙ্কও গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, ধর্মঘটের দিন ব্রাঞ্চ অপারেশন প্রভাবিত হতে পারে। তবে অনলাইন ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং এবং এটিএম (ATM) পরিষেবাগুলি সচল থাকবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, এই দিনটি কেবল ব্যাঙ্কিং ধর্মঘট নয়, কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা এক বৃহত্তর 'ভারত বনধ' বা সাধারণ ধর্মঘটের অংশ। ফলে, ওই দিন পরিবহণ ও অন্যান্য সরকারি পরিষেবাতেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বিপাকে পড়তে পারেন গ্রাহকরা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার