Raaka Guinness World Records: মুক্তির আগেই বিশ্বরেকর্ড! গিনেসের পাতায় আল্লু অর্জুনের ‘রাকা’
২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাকা’। কিন্তু তার আগেই বিশ্বরেকর্ড করল অ্যাটলির বহু প্রতীক্ষিত ছবি। সাধারণত কোনও সিনেমা হিট হলে তারপর রেকর্ড ভাঙে। কিন্তু এক্ষেত্রে তো একেবারে উল্টো। মুক্তির আগেই গিনিস বুকে নাম লেখাল এই ছবি। কিন্তু কেন জানেন? আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এটি একটি সায়েন্স-ফিকশন ছবি। এই ছবির জন্য একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে রিয়েল-টাইমে মোশন-ক্যাপচার করা হয়েছে। সেই নজিরই জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। [TECHTARANGA-POST:12832]‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে এই রেকর্ড তৈরি করেছে ‘রাকা’। রেকর্ড তৈরির শুটিং হয়েছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। একটি মাত্র সেশনে ৩৭ জন পারফর্মারের মুভমেন্ট একইসঙ্গে ক্যাপচার করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর এই কীর্তির আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে। আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির হাতে গিনেসের শংসাপত্র তুলে দেওয়া হয়। এই গোটা কাজটি মোটেই সহজ ছিল না। রেকর্ড করতে ব্যবহার করা হয়েছিল ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা। ক্যাপচার, ক্যালিব্রেশন, নেটওয়ার্কিং, সিঙ্ক্রোনাইজেশন, রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশন এবং ফেসিয়াল ক্যাপচারের মতো একাধিক প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগানো হয়। এই ৩৭ জনের মধ্যে চার বছরের শিশু থেকে ৭০ বছরের প্রবীণও ছিলেন। [TECHTARANGA-POST:12828]এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আল্লু অর্জুন। তাঁর কথায়, “আমাদের পুরো টিমের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। এই অসাধারণ সাফল্য সিনেমার সম্ভাবনাকে আরও এগিয়ে দিয়েছে এবং বিশ্বমঞ্চে নতুন নজির তৈরি করেছে। পরিচালক অ্যাটলির ভাবনা, দূরদর্শিতা এবং পুরো টিমের কঠোর পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব হত না। এত বড় একটি প্রজেক্টে বিশ্বাস রাখার জন্য সান পিকচার্সকেও ধন্যবাদ।” ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি আরও একাধিক তারকা রয়েছেন। হলিউড অভিনেতা উইল স্মিথকে নিয়েও বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে।