২০২৬-এর শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। তারপর থেকে মঞ্চে অরিজিৎ সিংহের কামব্যাক দেখতে অপেক্ষায় ছিলেন তাঁর অগণিত অনুরাগী। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। ২০২৭-এর শুরুতেই দেশজুড়ে সঙ্গীত সফরে বেরোচ্ছেন অরিজিৎ। দেশের ৯টি শহরে একের পর এক লাইভ অনুষ্ঠান করবেন তিনি। অরিজিতের সঙ্গীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। [TECHTARANGA-POST:13373]জানা গিয়েছে, অরিজিতের এই ‘ইন্ডিয়া ট্যুর’ চলবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। প্রথম অনুষ্ঠান ৯ জানুয়ারি অহমদাবাদে। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড় এবং ৭ ফেব্রুয়ারি জয়পুরে মঞ্চে উঠবেন তিনি। ২০ ফেব্রুয়ারি রয়েছে মুম্বইয়ের অনুষ্ঠান। এরপর ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ দিল্লি এবং ১০ এপ্রিল পুণেতে অনুষ্ঠান করবেন অরিজিৎ। মে মাসে ১ তারিখ ইন্দৌর এবং ১৫ মে হায়দরাবরে রয়েছে সফরের শেষ অনুষ্ঠান। [TECHTARANGA-POST:13372]অরিজিতের লাইভ অনুষ্ঠানের তালিকা প্রকাশ হতেই বাঙালি অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন। ‘ইন্ডিয়া ট্যুর’-এ ৯টি শহরের মধ্যে নেই কলকাতার নাম। এমনকি পশ্চিমবঙ্গের অন্য কোনও শহরের নামও দেখা যাচ্ছে না। ফলে অরিজিৎ কেন কলকাতায় অনুষ্ঠান রাখলেন না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সোমবার অরিজিতের অফিসিয়াল পেজ থেকে এই সফরের ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয়েছে, কনসার্টের টিকিট সংক্রান্ত তথ্যও কীভাবে পাওয়া যাবে। ফলে ঘোষণার পর থেকেই অরিজিৎ-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা।