Hidden Stories (বাংলা)

ভোটের আগে নবান্নে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২৮ জন জয়েন্ট বিডিও!

কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের বাদ্যি বাজার আগেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল নবান্ন। বৃহস্পতিবার রাজ্য কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, একসঙ্গে পদোন্নতি দেওয়া হচ্ছে ২৮ জন জয়েন্ট বিডিও (যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক)-কে। তবে, এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও নবান্নের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ ব্লকে কর্মরত আধিকারিকদের পদোন্নতি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, দীপায়ন চক্রবর্তী (আলিপুরদুয়ার), শিলাদিত্য জানা (তালড্যাংরা, বাঁকুড়া), সৌভিক সরকার (এডিএস, বীরভূম জেলা পরিষদ), অলোক্তা সেন (সাঁকরাইল, হাওড়া)। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ২৮ জন আধিকারিককে আগামী ১০ দিনের মধ্যে অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) হিসাবে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নবান্ন সূত্রে খবর, ডব্লিউবিসিএস আধিকারিকদের এই পদোন্নতি বেশ কিছুদিন ধরে আটকে ছিল। পদোন্নতির দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠন। তাঁদের দীর্ঘদিনের অনুরোধ ও প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হচ্ছে। নবান্নের এক আধিকারিক জানান, "এটি একটি রুটিন প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষিত এই পদোন্নতি নিয়ম মেনেই দেওয়া হয়েছে। এর সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই।"সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে ব্লকের প্রশাসনিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিডিও এবং জয়েন্ট বিডিওরা। এই পরিস্থিতিতে এত জন আধিকারিকের একসঙ্গে পদোন্নতি এবং তাঁদের ওএসডি পদে বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণত নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এমন বড় রদবদল ঘটিয়ে নিচুতলার কাজ আরও গতিশীল করতে চায় রাজ্য সরকার।নবনিযুক্ত ওএসডি-রা নবান্নে যোগ দেওয়ার পর তাঁদের নতুন কোনও জেলায় বা গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হতে পারে। ভোটের মুখে এই প্রশাসনিক ‘রদবদল’ জেলা প্রশাসন পরিচালনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

ভোটের আগে নবান্নে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২৮ জন জয়েন্ট বিডিও!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার