বাবার মৃত্যুশোক সইতে পারলেন না ছেলে? জঙ্গিপুর হাসপাতালে BSF জওয়ানের মৃত্যুতে ঘনীভূত রহস্য!
জঙ্গিপুর: বাবার মৃত্যুর মাত্র চারদিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন ছেলেও। শৌচাগার থেকে উদ্ধার হল ওই বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ! বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত জওয়ানের নাম অরুণ মুখোপাধ্যায় (৪১)। তিনি কৃষ্ণনগরে কর্মরত ছিলেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে গত রবিবার অরুণের বাবার মৃত্যু হয়। সেই খবর পেয়েই তড়িঘড়ি ছুটি নিয়ে জঙ্গিপুরের বাজারপাড়ার বাড়িতে ফিরেছিলেন তিনি। কিন্তু, বাবার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না অরুণ। বাবার মৃত্যুর পর থেকেই তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। প্রতিবেশীরাও তাঁর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন।শারীরিক ও মানসিক অস্বস্তি বাড়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সাধারণ পুরুষ বিভাগে ভর্তি করা হয়। সূত্রের দাবি, দুপুর নাগাদ বোনকে শারীরিক অস্বস্তির কথা বলে তাঁর থেকে একটি ওড়না চেয়ে নেন অরুণ। এরপর বাথরুমে যাওয়ার নাম করে দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের সন্দেহ হয়। এরপর শৌচাগারের দরজা খুলে দেখা যায়, ওই ওড়নার ফাঁসেই ঝুলছেন তিনি। চিকিৎসকরা তাঁকে দ্রুত উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি।হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় একজন চিকিৎসাধীন রোগী কীভাবে আত্মঘাতী হলেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।বাবার শ্রাদ্ধানুষ্ঠানের আগেই ছেলের এমন অকাল প্রয়াণে বাজারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক জওয়ানের এই মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ তাঁর সহকর্মী ও পরিজনরা।