চাকদায় ফের বঙ্কিম-ভরসা বিজেপির! বাম আমলের প্রাক্তন মন্ত্রীকে ঘিরেই জয়ের ছক গেরুয়া শিবিরের
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই চাকদা বিধানসভা কেন্দ্রে নিজেদের তুরুপের তাস ঘোষণা করল বিজেপি। বর্তমান বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্কিম ঘোষের হাতেই ফের তুলে দেওয়া হলো দলীয় পতাকা। বাম আমলের প্রাক্তন এই মন্ত্রী এখন বিজেপির অন্যতম দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। দলবদল বা রাজনৈতিক জল্পনাকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত বঙ্কিম ঘোষেই আস্থা রাখল পদ্ম শিবির।বঙ্কিম ঘোষের রাজনৈতিক জীবন যেমন দীর্ঘ, তেমনই বর্ণময়। একসময় সিপিএমের টিকিটে হরিণঘাটা থেকে জিতে বাম সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। পরে বিজেপিতে যোগ দিয়ে চাকদার বিধায়ক হন। তবে গত বছর তাঁর একটি প্রতিবাদের ছবি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। চাকদা থেকে বনগাঁর বেহাল রাস্তার জমা জলে নেমে সাঁতার কেটেছিলেন তিনি। হাতে জাল-নৌকা নিয়ে রাজ্য সরকারের ‘দুয়ারে নৌকা’ কটাক্ষ আর জমা জলে বিধায়কের সাঁতার কাটার সেই দৃশ্য ছিল গত বছরের অন্যতম বড় রাজনৈতিক চর্চা।মাঝে বঙ্কিম ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হলেও, তিনি বারবারই তা অস্বীকার করেছেন। এমনকি গত সেপ্টেম্বর মাসে বিধানসভার ভেতরে শাসক-বিরোধী ধস্তাধস্তির সময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দলের হয়ে তাঁর এই লড়াকু মানসিকতা এবং সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসেবেই ২০২৬-এর নির্বাচনে ফের চাকদার লড়াইয়ে তাঁকে নামাল বিজেপি। বামেদের পরিচিত মুখ থেকে বিজেপির লড়াকু বিধায়ক— বঙ্কিম ঘোষ কি পারবেন চাকদায় ফের পদ্ম ফোটাতে? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।