বাসন্তীকাণ্ডে কড়া কমিশন! আইসি সাসপেন্ড, ভোটপ্রচারে অশান্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ
বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচার কর্মসূচি কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। সেই ঘটনায় এবার চরম শাস্তিমূলক পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বাসন্তী থানার ইনচার্জ (IC) অভিজিৎ পালকে সাসপেন্ড করা হল। একইসঙ্গে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবারই অভিজিৎ পালের জায়গায় প্রবীর ঘোষকে বাসন্তী থানার নতুন আইসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।সম্প্রতি বাসন্তী এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে খোদ পুলিশই আক্রান্ত হয়। উত্তেজিত জনতা পুলিশকর্মীদের রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় একজন সাব-ইনস্পেক্টর (SI) গুরুতর জখম হন এবং আরও পাঁচজন কনস্টেবল আহত হন।ভোটের মুখে খোদ পুলিশকর্মীদের উপর এই হামলা এবং স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। পুলিশের উপর হামলার দায় শেষ পর্যন্ত থানার শীর্ষ আধিকারিকের উপরই বর্তেছে। শুক্রবার কমিশনের নির্দেশে জানানো হয়েছে, কেবল সাসপেনশন নয়, অভিজিৎ পালের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় তদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে।অশান্তি রুখতে এবং এলাকায় শান্তি ফেরাতে দ্রুত প্রবীর ঘোষকে নতুন আইসি হিসাবে নিয়োগ করা হয়েছে। ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার মতো সংবেদনশীল এলাকায় যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন।