Hidden Stories (বাংলা)

Electric Bill Fraud: ৩ হাজারের বিল আচমকা ২৩ হাজার! কম্পিউটার স্ক্যানারে জাল বিদ্যুৎ বিল বানিয়ে ১৮ লাখ টাকা লুট, ধৃত নারকেলডাঙার যুবক

কলকাতা: বিশ্বাস ও অন্ধ আস্থার সুযোগ নিয়ে এক অশীতিপর বৃদ্ধ ব্যবসায়ীর সঞ্চিত অর্থ হরিলুট করছিল এলাকারই এক বিশ্বস্ত যুবক। কাল্পনিক হিসাব বসিয়ে বিদ্যুতের জাল বিল তৈরি করে দীর্ঘ আট বছরে হাতিয়ে নেওয়া হলো প্রায় ১৮ লাখ টাকা! কিন্তু শেষ রক্ষা হলো না। পূর্ব কলকাতার নারকেলডাঙা থানার তৎপরতায় শহর ছেড়ে পালানোর আগেই ধরা পড়ে গেল মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ আরশাদ।ঘটনার সূত্রপাত ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা বৃদ্ধ ব্যবসায়ী মহম্মদ নাসিম আনসারির বাড়িতে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারতেন না। ফলে নিজের বাড়ি ও ব্যবসা সংক্রান্ত মোট পাঁচটি মিটারের বিদ্যুতের বিল জমা দেওয়ার দায়িত্ব তুলে দিয়েছিলেন স্থানীয় যুবক আরশাদের ওপর। আরশাদ একসময় এসটিডি বুথ চালালেও পরবর্তী সময়ে অনলাইন বিল জমা দেওয়ার কাজ করত। বৃদ্ধের ম্যানেজার আসল বিদ্যুতের বিলগুলি আরশাদের দোকানে রাখা বাক্সে দিয়ে আসতেন। অভিযোগ, সেই সুযোগ নিয়েই নিজের দোকানে বিদ্যুৎ বিল বানানোর ‘কারখানা’ খুলে বসেছিল অভিযুক্ত। কম্পিউটারে আসল বিল স্ক্যান করে সফটওয়্যারের মাধ্যমে মূল অঙ্কের জায়গায় বসিয়ে দেওয়া হতো কয়েক গুণ বেশি টাকা।কারচুপির ধরন দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। যে বিলে মূল অঙ্ক ছিল ৩ হাজার ৬৩৮ টাকা, সফটওয়্যারে তা বাড়িয়ে করা হয় ২৩ হাজার ৬৩০ টাকা। ২ হাজার ৭২৩ টাকার বিল পাল্টে ১২ হাজার ৭২০ টাকা, এমনকি যেখানে বিলে ছাড় এসে মাইনাস ব্যালেন্স ছিল, সেখানেও জোর করে ৮ হাজার ৩৫০ টাকার বিল বানিয়ে বসিয়ে দেওয়া হতো। সেই জাল বিলের রঙিন প্রিন্ট আউট নিয়ে বৃদ্ধের কাছ থেকে সমপরিমাণ নগদ টাকা তুলে নিত আরশাদ। বৃদ্ধ যখন বিদ্যুতের বিপুল বিল দেখে হতাশা প্রকাশ করতেন, তখন বিদ্যুৎ সংস্থাকে গালিগালাজ করে ভণ্ড সহানুভূতিও দেখাত সে।সম্প্রতি কয়েকটি বিলে টাকার অঙ্ক মাত্রাতিরিক্ত মনে হওয়ায় সন্দেহ হয় বৃদ্ধের পরিবারের সদস্যদের। তাঁরা সরাসরি বিদ্যুৎ সংস্থার দফতরে গিয়ে পুরনো রসিদ পরীক্ষা করতেই পর্দাফাঁস হয় এই বিরাট জালিয়াতির। দেখা যায়, বিগত ৮ বছর ধরে ছদ্মবেশে বৃদ্ধের থেকে ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছে ওই যুবক। তড়িঘড়ি নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরশাদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ খতিয়ে দেখছে, অনলাইন বিল জমা দেওয়ার নাম করে আরশাদ শহরের আর কতজন মানুষকে এভাবে প্রতারণার শিকার বানিয়েছে।[TECHTARANGA-POST:12616]

Electric Bill Fraud: ৩ হাজারের বিল আচমকা ২৩ হাজার! কম্পিউটার স্ক্যানারে জাল বিদ্যুৎ বিল বানিয়ে ১৮ লাখ টাকা লুট, ধৃত নারকেলডাঙার যুবক