Hidden Stories (বাংলা)

Kolkata Municipal Election: একার সিদ্ধান্তে নয়, গ্রাউন্ড জিরোর মডেলেই পুরভোটের প্রার্থী বাছাই! কড়া নির্দেশ সুনীল বনশলের

কলকাতা: একক সিদ্ধান্তে নয়, একেবারে তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দিয়েই পুরভোটের প্রার্থী বাছাই করতে চলেছে বঙ্গ বিজেপি। সাম্প্রতিক এক রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতৃত্বকে কড়া নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল। স্পষ্ট করে দেওয়া হয়েছে, কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে নয়, একেবারে গ্রাউন্ড জিরো বা বুথস্তর থেকে উঠে আসা নামের ভিত্তিতেই চূড়ান্ত হবে পুরভোটের প্রার্থী তালিকা।আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভায় জয় ছিনিয়ে আনতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই বুধবার সল্টলেকের দলীয় কার্যালয়ে এক উচ্চপর্যায়ের ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী এবং সদ্য বঙ্গ বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা সৌদান সিং। আলোচনার মূল কেন্দ্রবিন্দুই ছিল স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থী তালিকা তৈরি করা।জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ড থেকে টিকিটের জন্য বহু দাবিদারের নাম জমা পড়েছে। পরিস্থিতি সামলাতে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে ড্রপ বক্স বসিয়ে সাধারণ মানুষ ও আগ্রহী প্রার্থীর আবেদন সংগ্রহ করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, লক্ষ্মীপুজোর পরেই এই আবেদনপত্রগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে এবং কালীপুজোর মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলা হবে। নভেম্বর মাসের শেষে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার কথা থাকায় সময় নষ্ট না করে রণকৌশল সাজাতে ব্যস্ত রাজ্য নেতৃত্ব।প্রক্রিয়া অনুযায়ী, তৃণমূল স্তর থেকে প্রস্তাবিত নাম প্রথমে জেলা নির্বাচন কোর কমিটি এবং পরবর্তীতে রাজ্য স্তরে যাচাই হবে। দলের অন্দরে কোনো রকম ক্ষোভ বা অসন্তোষ তৈরি হতে না দিয়েই এই প্রক্রিয়ায় এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সামগ্রিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং পুরভোটের বৈতরণী পার করতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি।

Kolkata Municipal Election: একার সিদ্ধান্তে নয়, গ্রাউন্ড জিরোর মডেলেই পুরভোটের প্রার্থী বাছাই! কড়া নির্দেশ সুনীল বনশলের