Brics Summit: ব্রিক্স বৈঠকের ফাঁকে জমবে ভোজ! অতিথিদের জন্য সাজানো মেনুতে বাংলার কী পদ?
আগামী শনিবার ও রবিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে ব্রিক্স-ভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও শীর্ষ প্রতিনিধিদের দু’দিনের বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে সদস্য দেশগুলির একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু। [TECHTARANGA-POST:12538]যে কোনও বড় আন্তর্জাতিক সম্মেলনে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে খাবারদাবার বরাবরই গুরুত্বপূর্ণ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্রিক্স প্রতিনিধিদের জন্য বিশেষ ভোজের দায়িত্ব নিয়েছে রাজধানীর তিন নামী হোটেল, ‘দ্য লীলা প্যালেস’, ‘তাজমহল’ এবং ‘দ্য ললিত’। ‘তাজমহল’ হোটেলে অতিথিদের স্বাগত জানানো হবে ‘ট্র্যাডিশন টু টেবিল’ ভাবনায়। এই মেনুর বিশেষত্ব হল, রন্ধনশিল্পীদের নিজেদের শৈশবের খাবারের স্মৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই আয়োজন সাজানো হয়েছে ভারতের ছয় প্রান্তের ছয় ধরনের স্ন্যাক্স দিয়ে। থাকছে কাশ্মীরের মশলাদার আখরোট, পুরানি দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু।অন্যদিকে, ‘দ্য লীলা প্যালেস’-এর আয়োজনে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে থাকছে আধুনিকতার মেলবন্ধন। অতিথিদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে হাতে গড়া ভোজ্য পদ্ম। গোলাপ, জাফরান এবং এলাচ দিয়ে তৈরি এই বিশেষ পদ্মের সঙ্গে পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। পাশাপাশি থাকবে মিলেট কুকিজ, হাতে তৈরি গ্র্যানোলা বার এবং বিভিন্ন স্বাস্থ্যকর ইনফিউশন। [TECHTARANGA-POST:12536]পিছিয়ে নেই ‘দ্য ললিত’ও। তাদের মেনুতে ভারতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে জুড়েছে আন্তর্জাতিক স্বাদের টুইস্ট। গলৌটি কবাব এবং তন্দুরে সেঁকা রুটির মতো চেনা ভারতীয় পদ তো থাকছেই। পাশাপাশি মিলেট দিয়ে তৈরি একাধিক পদও রাখা হয়েছে। এর সঙ্গে থাকছে আরও কিছু অভিনব ফিউশন আইটেম যেমন ব্রেজ়ড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট, সিমারড চাইনিজ় ক্যাবেজ এবং কিডনি বিন সুইট জ্যাপানিজ় স্টাইল উইথ অ্যাম্বার সস।