Hidden Stories (বাংলা)

কলকাতায় এবার আরও রাত পর্যন্ত বাস! আজ থেকেই চালু বাড়তি পরিষেবা

আজ থেকেই  বদলে যাচ্ছে কলকাতার রাতের গণপরিবহনের ছবি। সূত্রের খবর, ১ আগস্ট থেকেই একাধিক রুটে বাসের সময় বাড়ানো হচ্ছে, যার সুবিধা পাবেন যাত্রীরা। বিশেষ করে হাসপাতালমুখী যাত্রী, রাতের শিফটের কর্মী এবং দূরপাল্লার ট্রেন থেকে ফেরা যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। পরিবহণ দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি রুটে বাসের শেষ ট্রিপ রাত ১০টা পর্যন্ত চালানো হবে। যে সব রুটে পরিষেবার সময় বাড়ানো হয়েছে, সেগুলি কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে যায়। এর মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আর জি কর, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, আর এন টেগোর, অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার, ফোর্টিস, মেডিকা ও পিয়ারলেস হাসপাতাল। তবে শুধু হাসপাতাল নয়, হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা এবং বারাসত থেকে বিমানবন্দর, বারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস ও কামালগাজির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও রাত পর্যন্ত বাস চলবে।প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা গভীর রাতে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছে হাসপাতালে যাওয়ার জন্য সমস্যায় পড়তেন। আবার অনেকেই ভোরে আউটডোরে লাইন দেওয়ার উদ্দেশ্যে রাতেই শহরে আসেন। তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধানেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রেনের সময়ের সঙ্গে মিলিয়ে বাসের নতুন  সময়সূচি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা মেট্রোর পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল বাস পরিষেবাও। ফলে রাতের কলকাতায় যাতায়াত এখন আরও সহজ হয়ে যাবে। 

কলকাতায় এবার আরও রাত পর্যন্ত বাস! আজ থেকেই চালু বাড়তি পরিষেবা