দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন খারিজ সুশীল কুমারের; কুস্তিগির সাগর হত্যা মামলায় কঠোর অবস্থান আদালতের
নয়াদিল্লি: অলিম্পিক পদকজয়ী তারকা কুস্তিগির সুশীল কুমারের আইনি লড়াইয়ে মিলল চরম ধাক্কা। প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধনকড় হত্যা মামলায় সুশীলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর সাফ জানিয়ে দেন, এই ঘটনাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত নৃশংস এক হামলা, যেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহারের পাশাপাশি একাধিক জোরালো প্রমাণ মিলেছে। পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার যুক্তি দেখিয়ে জামিন চাওয়া হলেও আদালত তা গ্রাহ্য করেনি।[TECHTARANGA-POST:11628]উচ্চ আদালতে সুশীলের জামিনের তীব্র বিরোধিতা করেন দিল্লি পুলিশের আইনজীবী ও নিহত সাগরের পরিবারের প্রতিনিধি। তাঁদের যুক্তি ছিল, সুশীল একজন প্রভাবশালী ব্যক্তি; জামিনে মুক্ত হলে তিনি মামলার অত্যন্ত সংবেদনশীল সাক্ষীদের ওপর প্রভাব খাটাতে পারেন। ২০২১ সালের ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সুশীল ও তাঁর দলবলের নির্মম মারধরেই সাগরের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তদন্তে ও ভাইরাল ভিডিওতে মারধরের স্পষ্ট প্রমাণ মেলে। এর আগে সুপ্রিম কোর্টেও তাঁর জামিনের আর্জি খারিজ হয়েছিল। চার্জশিটে সুশীল-সহ ১৭ জনের নাম যুক্ত থাকার প্রেক্ষাপটে আদালতের এই রায়ের ফলে আপাতত জেলেই কাটছে ভারতের প্রাক্তন এই তারকা ক্রীড়াবিদের জীবন।