ট্রেনে আবর্জনা ফেললেই গুনতে হবে জরিমানা! ১ কোটি ২০ লক্ষ টাকা আদায় করল পূর্ব রেল, জারি কড়া সতর্কতা
ভারতীয় রেলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। ট্রেনে বা রেল চত্বরে আবর্জনা ফেলা, থুতু ফেলা কিংবা নোংরা করা যে দণ্ডনীয় অপরাধ, তা ফের একবার মনে করিয়ে দিল রেল প্রশাসন। নিয়ম ভাঙলে কেবল জরিমানাই নয়, শ্রীঘরেও যেতে হতে পারে অপরাধীদের।[TECHTARANGA-POST:7542]চলতি আর্থিক বছরের ১ এপ্রিল ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পূর্ব রেলের আরপিএফ (RPF) এক বিশাল অভিযান চালিয়েছে। তথ্য অনুযায়ী, রেল পরিসরে আবর্জনা ফেলার অপরাধে মোট ৬,২০,৯০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে মোট ১,২১,৫৯,৯০০ টাকা।[TECHTARANGA-POST:7547]এই আইন স্টেশনের প্ল্যাটফর্ম, ট্রেনের কামরা এবং রেললাইন বা ট্র্যাক—সর্বত্র প্রযোজ্য। ট্রেনের কামরায় বা ট্র্যাকে আবর্জনা ফেলা, থুতু ফেলা, যেখানে-সেখানে প্রস্রাব বা মলত্যাগ করা এবং কাপড় বা বাসন ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভাঙলে অপরাধীকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। স্টেশনের হকার বা ক্যাটারারদের জন্য ডাস্টবিন রাখা বাধ্যতামূলক। বর্জ্য সঠিক উপায়ে অপসারণ না করলে তাঁদেরও জরিমানার মুখে পড়তে হবে।[TECHTARANGA-POST:7540]পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর জানিয়েছেন, শুধুমাত্র জরিমানা দিয়ে রেলকে পুরোপুরি পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন যাত্রী ও বিক্রেতাদের সম্মিলিত সচেতনতা। তিনি রেলের এই পরিচ্ছন্নতা অভিযানকে একটি ‘গণআন্দোলনে’ পরিণত করার আহ্বান জানিয়েছেন। রেললাইনের ওপর প্লাস্টিক বা নোংরা ফেলা বন্ধ করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।[TECHTARANGA-POST:7540]পরিচ্ছন্ন রেল সফর নিশ্চিত করতে আইন মানুন এবং অন্যকেও সচেতন করুন। মনে রাখবেন, আপনার একটু সচেতনতাই পারে রেলযাত্রাকে আরও আনন্দময় করে তুলতে।