অ্যাকাউন্টে রাতারাতি ১০ কোটি! মেসেজ দেখে চক্ষু চড়কগাছ গৃহবধূর, তারপর যা করলেন তিনি...
নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, 'লোভে পাপ, পাপে মৃত্যু'। কিন্তু উত্তরপ্রদেশের মেনপুরি জেলার এক সাধারণ গৃহবধূ যা করলেন, তা বর্তমান যুগে বিরল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই জমা পড়েছিল প্রায় ১০ কোটি টাকা। সেই বিপুল অর্থ দেখেও এক মুহূর্তের জন্য টলেনি তাঁর সততা। মুহূর্তের মধ্যে কোটিপতি হয়েও সমস্ত টাকা ব্যাঙ্কে ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিতা নামের ওই যুবতী।[TECHTARANGA-POST:7670]মেনপুরির দেবগঞ্জ ভাল্লগে গ্রামের বাসিন্দা রিতার স্বামী পেশায় একজন সাধারণ কৃষক। গত কয়েকদিন আগে নিজের ব্যক্তিগত প্রয়োজনে কিছু টাকা তুলতে নিকটবর্তী ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়েছিলেন রিতা। কিন্তু সেটি বন্ধ থাকায় তিনি পাশের একটি এটিএম-এ যান। সেখানে ব্যালেন্স চেক করতেই তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যায়! স্ক্রিনে ফুটে ওঠে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে অন্য একটি এটিএম-এ গিয়েও পরীক্ষা করেন তিনি। সেখানেও একই অংক দেখে হতবাক হয়ে যান রিতা।[TECHTARANGA-POST:7668]বিপুল অংকের টাকা দেখে লোভে পা না দিয়ে রিতা বুদ্ধিমানের মতো এটিএম স্ক্রিনের একটি ভিডিও রেকর্ড করে রাখেন। পরদিন সকালে ব্যাঙ্ক খুলতেই তিনি সোজা পৌঁছে যান ম্যানেজারের ঘরে। গোটা বিষয়টি সবিস্তারে জানান এবং তাঁর অ্যাকাউন্টে আসা এই ‘অপ্রত্যাশিত’ অর্থের উৎস জানতে চান।[TECHTARANGA-POST:7660]তদন্তের পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের ভুলের কারণেই রিতার সেভিংস অ্যাকাউন্টে এই বিশাল পরিমাণ অর্থ চলে গিয়েছিল। তবে রিতার সততায় মুগ্ধ হয়েছেন খোদ ব্যাঙ্ক কর্মীরাও। কোনো আইনি জটিলতা বা প্রলোভনে না গিয়ে নিজে থেকে টাকা ফিরিয়ে দেওয়ার এই ঘটনায় রিতাকে কুর্নিশ জানাচ্ছে গোটা গ্রাম। এখন সোশ্যাল মিডিয়ায় রিতার এটিএম ব্যালেন্সের সেই ভিডিও এবং তাঁর সততার গল্প ঘুরে বেড়াচ্ছে সবার ফোনে।