‘আবর্জনা সাফ করো!’ মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেই কি যাদবপুরের ক্যাম্পাসে দেওয়াল মোছার হিড়িক?
কলকাতা: ক্যাম্পাসের দেওয়ালে থাকা একাধিক রাজনৈতিক ও বিতর্কিত স্লোগানের ওপর আচমকাই পড়ল সাদা চুনকামের প্রলেপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান লেখা রয়েছে বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ‘আবর্জনা’ অবিলম্বে সাফ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার ঠিক কয়েক দিনের মাথায় শনিবার সকাল থেকেই ক্যাম্পাসের ভিতরের একাধিক দেওয়াললিখন মুছে ফেলার কাজ শুরু করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিতর্কিত স্লোগান ও লেখার উপর লেপে দেওয়া হয়েছে সাদা রং, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা।সম্প্রতি বহিরাগত হামলা ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কলাবিভাগের দেওয়ালে কেন ‘কিষেণজি স্যালুট’ লেখা থাকবে কিংবা সেখান থেকে কেন ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’ জাতীয় স্লোগান উঠবে? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ধরনের স্লোগান এবং সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর ও পীড়াদায়ক। যাদবপুরের মতো একটি ‘সেন্টার ফর এক্সেলেন্স’ প্রতিষ্ঠানে এই সব আপত্তিকর লেখা থাকা অনুচিত উল্লেখ করে তিনি সেগুলি অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন।মুখ্যমন্ত্রীর সেই কঠোর বার্তার পরেই দেওয়াল মোছার কাজ শুরু হলেও চাপের মুখে এই পদক্ষেপের কথা মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঠিকই, কিন্তু তাঁর কথার ভয়ে তড়িঘড়ি এই কাজ করা হচ্ছে— বিষয়টি তা নয়। কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখার স্বার্থেই এটি একটি নিয়মিত রুটিন প্রক্রিয়া হিসেবে করা হয়েছে, যা আগেও হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের আর্জি জানানো হয়েছে, কোনও দাবিদাওয়া থাকলে তা ক্যাম্পাসের দেওয়ালে না লিখে যেন নির্দিষ্ট ডিসপ্লে বোর্ডে তুলে ধরা হয়।[TECHTARANGA-POST:12118]হিডেন স্টোরিজ নিউজ