Hidden Stories (বাংলা)

কোয়ার্টারে ডেকে চরম অশালীনতা! জেএনইউ অধ্যাপকের বিরুদ্ধে ১০ ছাত্রীর বিস্ফোরক অভিযোগ

নয়াদিল্লি: দেশের প্রথম সারির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। সেখানেই এবার অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ক্যাম্পাসের ভেতরে নিজের কোয়ার্টারে ডেকে অন্তত ১০ জন পড়ুয়াকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। শুধু কোয়ার্টারের অন্ধকারেই নয়, অভিযোগ উঠেছে ক্লাসরুমেও পড়ুয়াদের লক্ষ্য করে লাগাতার কুরুচিকর মন্তব্য করতেন তিনি। শিক্ষাঙ্গনে এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ ও চরম বিতর্ক দানা বেঁধেছে দিল্লির এই প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপকের কোয়ার্টারটি ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত। অভিযোগ, ছাত্রছাত্রীদের পড়াশোনা ও আড্ডার অছিলায় প্রায়ই নিজের বাসভবনে ডেকে পাঠাতেন তিনি। সেই আড্ডার আড়ালেই সুযোগ বুঝে একাধিক পড়ুয়ার ওপর চরম আপত্তিকর আচরণ ও শারীরিক হেনস্তা চালাতেন ওই শিক্ষক। প্রায় এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি’র (আইসিসি) কাছে প্রথম এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। এরপরেই একে একে সাহস জুগিয়ে মুখ খুলতে শুরু করেন অন্য পড়ুয়ারাও। তাঁদের মধ্যে একাধিক সিনিয়র পড়ুয়া এগিয়ে এসে একই ধরনের নিগ্রহের দাবি করে লিখিত বয়ান জমা দিয়েছেন। সম্প্রতি ওই অধ্যাপকের বিরুদ্ধে নতুন করে আরও কয়েকটি অভিযোগ দায়ের হওয়ায় অভিযোগকারী পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দশে।আইসিসি বর্তমানে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে গোটা ঘটনায় জেএনইউ কর্তৃপক্ষের শীর্ষ মহল ও বিভিন্ন প্রভাবশালী ছাত্র সংগঠন এখনও রহস্যজনকভাবে কার্যত মুখে কুলুপ এঁটেছে। বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত সাফ জানিয়েছেন, পুরো বিষয়টি আইসিসি খতিয়ে দেখছে এবং উপাচার্য যেহেতু ওই তদন্ত কমিটির অংশ নন, তাই তদন্ত চলাকালীন তাঁর তরফ থেকে কোনো মন্তব্য করা নিয়মবিরুদ্ধ। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় মারাত্মক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যাপক। তাঁর দাবি, এই ধরনের কোনো অভিযোগ দায়েরের কথাই তাঁর জানা নেই। তবে দেশের মেধার আঁতুড়ঘরে এমন চাঞ্চল্যকর ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিয়ে দেশজুড়ে জোরালো প্রশ্নের ঝড় উঠতে শুরু করেছে।হিডেন স্টোরিজ নিউজ

কোয়ার্টারে ডেকে চরম অশালীনতা! জেএনইউ অধ্যাপকের বিরুদ্ধে ১০ ছাত্রীর বিস্ফোরক অভিযোগ