শিশুমৃত্যুর সংখ্যা ৮৯, কারণ কি অপুষ্টি? মালদহ মেডিক্যালে বিশেষজ্ঞ দলের নজরে একাধিক গাফিলতি
মালদহঃ আগস্টের শুরু থেকে ২৯ তারিখ পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ৮৯ শিশুর। একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশে শনিবার মালদহ মেডিক্যাল কলেজে যায় বিশেষজ্ঞ দল। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তাঁরা। প্রাথমিক পর্যবেক্ষণে অপুষ্টিজনিত সমস্যাকে শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।[TECHTARANGA-POST:12103]বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান তথা রাজ্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত ডিরেক্টর প্রলয় আচার্য জানান, আগস্টে যত শিশুর মৃত্যু হয়েছে, প্রতিটি মৃত্যুর পিছনে একই কারণ নেই। অনেক শিশুই জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্রোগ, জন্ডিস এবং কম ওজনের মতো সমস্যায় ভুগছিল। পাশাপাশি প্রসূতিদের স্বাস্থ্যের দিকেও আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছে কমিটি। বিশেষজ্ঞদের মতে, অপুষ্টির সমস্যা কমাতে গর্ভাবস্থা থেকেই প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল ও জেলা স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়েও বেশ কিছু ত্রুটি নজরে এসেছে বিশেষজ্ঞ দলের। কোথায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সেই সমস্যাগুলি মেটাতে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি অবৈধ গর্ভপাতের ‘চক্র’ নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। [TECHTARANGA-POST:12102]প্রসঙ্গত, আগস্টেই মালদহ মেডিক্যাল কলেজে একদিনে ১০টি শিশুর মৃত্যু এবং মাসে ৬০ নবজাতকের মৃত্যুর খবর সামনে আসার পর তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। একই দিনে মালদহ মেডিক্যাল কলেজে জন্ম নেওয়া দু’টি শিশুরও মৃত্যু হয়। ঘটনার পর মালদহের একাধিক নার্সিংহোমে অভিযান চালানো হয়েছিল।