'১০০% ন্যাচারাল' বলে ক্রেতাদের চোখেই ধুলো! ডাবরের মধু, ঘি-সহ একাধিক পণ্যের বিক্রি বন্ধ
নয়াদিল্লি: খাবারের প্যাকেটের গায়ে ‘১০০ শতাংশ খাঁটি’ বা ‘১০০% অর্গানিক’ লেখা দেখেই কি চোখ বন্ধ করে ব্যাগে তুলছেন? তবে এবার মারাত্মক সতর্ক হওয়ার সময় এসেছে! কারণ নামীদামি ব্র্যান্ড ডাবরের একাধিক জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে এবার বড়সড় আইনি খাঁড়া নামাল দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফ্যাসাই’ (FSSAI)। সংস্থাটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, উপযুক্ত প্রমাণ ছাড়া এ ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর প্রচার চালিয়ে আর সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করা যাবে না। শুধু তাই নয়, ডাবরের ওয়েবসাইটের বেশ কিছু জনপ্রিয় মধু, ঘি এবং অন্যান্য ডেরি পণ্যের বিক্রি সঙ্গে সঙ্গে বন্ধের কড়া নির্দেশ জারি করা হয়েছে।ফ্যাসাই-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাবর ইন্ডিয়া তাদের ওয়েবসাইট ও প্যাকের ওপর '১০০% পিওর', '১০০% অর্গানিক' কিংবা '১০০% ডাবের জল'-এর মতো ঢালাও দাবি করছে, যা দেশের খাদ্য সুরক্ষা ও মানক বিধিমালা ২০১৮ অনুযায়ী একেবারেই বেআইনি। তদন্তে নেমে আধিকারিকদের চোখ কপালে ওঠার জোগাড়! দেখা গিয়েছে, 'ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার' ও 'ডাবর অর্গানিক হানি'-র প্যাকেটে বৈধ অনুমোদন ছাড়াই ভুয়া 'জৈবিক ভারত' লোগো ব্যবহার করা হচ্ছিল। অন্যদিকে প্রক্রিয়াজাত খাবার হওয়া সত্ত্বেও 'ডাবর হোমমেড কোকোনাট মিল্ক'-এ খাঁটিত্বের ভুয়ো প্রচার চলছিল। এর আগেও সতর্ক করা সত্ত্বেও ডাবর কোনো সদুত্তর না দেওয়ায় এবার সরাসরি কেনাবেচা বন্ধ করে আগামী ১৫ দিনের মধ্যে পদক্ষেপের রিপোর্ট তলব করেছে প্রশাসন। যদিও বিষয়টিকে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডাবর কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:11434]হিডেন স্টোরিজ নিউজ