LPG নিয়ে হাহাকার: ১৯০০ টাকার সিলিন্ডার বিকোচ্ছে ২৫০০ টাকায়! দেশজুড়ে তুঙ্গে গ্যাসের কালোবাজারি
রান্নার গ্যাসের জোগান নিয়ে কেন্দ্র বারবার আশ্বস্ত করলেও বাস্তবের ছবিটা একেবারেই ভিন্ন। বর্তমানে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ৬০০ টাকা বেশি দিয়েও মিলছে না এলপিজি সিলিন্ডার। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দেশজুড়ে শুরু হয়েছে রান্নার গ্যাসের তীব্র সংকট আর সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারিরা। দিল্লি থেকে বেঙ্গালুরু, এমনকি কলকাতাতেও হাহাকার শুরু হয়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার নিয়ে। আমজনতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী—সবাইকে এখন যুদ্ধের চরম খেসারত দিতে হচ্ছে।[TECHTARANGA-POST:7254]একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ইউসুফ সরাইয়ের ছোট খাবারের দোকানদাররা তিন দিন হন্যে হয়ে ঘুরে অবশেষে আড়াই হাজার টাকায় একটি বাণিজ্যিক সিলিন্ডার জোগাড় করতে পেরেছেন, যার আসল দাম ১,৮৮৪ টাকা। একই ছবি দক্ষিণের শহর বেঙ্গালুরুতেও। বিখ্যাত হোটেল চেইন ‘কাড়াক সিং কা ধাবা’-র মালিক জানিয়েছেন, তাঁদের কোনো আউটলেটেই এখন নতুন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগে যেখানে তাঁদের দৈনিক গ্যাসের খরচ ৩০ থেকে ৫০ হাজারের মধ্যে থাকত, এখন তা ১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে।[TECHTARANGA-POST:7253]কলকাতার অবস্থাও তথৈবচ। শহরের রাস্তার ধারের দোকানদারদের অভিযোগ, ডিলাররা ফোন ধরছেন না, আর সিলিন্ডার মিললেও তার দাম আকাশছোঁয়া। গ্যাসের এই বাড়তি খরচের সরাসরি প্রভাব পড়ছে খাবারের দামে, যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সংকটজনক পরিস্থিতিতে কালোবাজারি রুখতে কড়া অবস্থান নিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাফ জানিয়েছেন, রাজ্যে গ্যাসের কালোবাজারি রুখতে প্রশাসনকে দ্রুত ও কড়া পদক্ষেপ নিতে হবে।