খোদ মন্ত্রীর অ্যাকাউন্টেই বড়সড় সাইবার হামলা! হোয়াটসঅ্যাপ হাতিয়ে কোটি টাকার প্রতারণার ছক?
কলকাতা: সাধারণ মানুষের পর এবার সরাসরি সাইবার অপরাধীদের টার্গেটে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী! হ্যাকারদের কবলে পড়ল রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডুর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। মন্ত্রীর পরিচয় ব্যবহার করে ইতিমধ্যে তাঁর পরিচিত, আত্মীয়-স্বজন ও একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে মেসেজ পাঠিয়ে দেদার টাকা চাওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। চরম বিপদের গন্ধ পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ায় নিজে ভিডিও পোস্ট করে সকলকে তড়িঘড়ি সতর্ক বার্তা দিয়েছেন মন্ত্রী।ফেসবুক বার্তায় মন্ত্রী সাফ জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করে অত্যন্ত পরিকল্পিতভাবে কুচক্রী মহল আর্থিক সুবিধা হাসিল করার চেষ্টা করছে। কোনো অবস্থাতেই যেন তাঁর নামে আসা মেসেজে বিশ্বাস করে কেউ এক টাকাও না পাঠান এবং কোনো ধরনের উত্তরের জবাব না দেন— সেই আকুল আবেদনও জানিয়েছেন তিনি। মাস খানেক আগেই একই কায়দায় হ্যাকিংয়ের শিকার হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। রাজ্যজুড়ে সাইবার ক্রাইম রুখতে পুলিশ ও প্রশাসনের একের পর এক হেল্পডেস্ক ও কড়া পদক্ষেপ সত্ত্বেও খোদ মন্ত্রীরাই যেভাবে হ্যাকারদের নিশানা হচ্ছেন, তাতে সাইবার নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে মারাত্মক সংশয়। ঘটনার নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতে ইতিমধ্যে কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ।[TECHTARANGA-POST:11441]হিডেন স্টোরিজ নিউজ