Durgapujo Fashion: পুজোয় বেশি জামা কেনা হয়নি? আলমারির পুরনো পোশাকেই তৈরি করুন নতুন স্টাইলিশ লুক!
কলকাতা : সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই ভাবেন, একই পোশাক দু'বার পরলে লোকে কী বলবে! বিশেষ করে পুজোর সময় বন্ধুদের সঙ্গে ছবি তোলা কিংবা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার ক্ষেত্রে এই চিন্তা অনেকেরই থাকে। কিন্তু মনে রাখা দরকার, ফ্যাশন মানেই প্রতি বছর নতুন পোশাক কেনা নয়। নিজের পুরনো পোশাককে নতুনভাবে ব্যবহার করাও একটা সুন্দর স্টাইলিংয়ের অংশ।তাই এই পুজোয় আলমারিতে কী নেই, তা নিয়ে না ভেবে কী কী রয়েছে, সেটা দিয়েই নতুন কিছু করার চেষ্টা করুন। একটু অন্যভাবে শাড়ি পরা, কুর্তির সঙ্গে নতুন কম্বিনেশন কিংবা গয়না বদলে নেওয়া, ছোট ছোট এই পরিবর্তনেই তৈরি হতে পারে একাধিক নতুন লুক। চিন্তা নেই। দরকার শুধু একটু বুদ্ধি আর স্টাইলিংয়ের ছোটখাটো কিছু কৌশল।আলমারিতে গত বছরের পুজোর শাড়িটা নিশ্চয়ই রয়েছে? ভাবছেন, আবার সেই একই শাড়ি পরবেন কীভাবে? একটু অন্যভাবে সাজিয়ে নিলেই বদলে যেতে পারে গোটা লুক। সাধারণ শাড়ির সঙ্গে পরতে পারেন কনট্রাস্ট রঙের ব্লাউজ। চাইলে শাড়ির সঙ্গে মানানসই ক্রপ টপ বা শার্ট পরেও তৈরি করতে পারেন ফিউশন লুক। সঙ্গে বড় কানের দুল আর মানানসই জুতো। ব্যস! পুরনো শাড়িতেই তৈরি নতুন সাজ।পুজোর কেনাকাটায় বেশি খরচ করতে না চাইলে আলমারির কুর্তিগুলোই হতে পারে আপনার সেরা সঙ্গী। সাধারণ কুর্তির সঙ্গে প্রতিদিন একই ধরনের লেগিংস না পরে কখনও ডেনিম, কখনও পালাজো, আবার কখনও লম্বা স্কার্ট পরতে পারেন। পোশাকের ধরন অনুযায়ী কানের দুল, ব্যাগ আর জুতো বদলে নিলেই সাজে আসবে নতুনত্ব। একই কুর্তি যে বারবার পরেও স্টাইলিশ দেখানো যায়, সেটাই এবার করে দেখান!ডেনিম তো প্রায় সবার আলমারিতেই থাকে। কিন্তু শুধু টপের সঙ্গে ডেনিম পরার অভ্যাসটা এবার একটু বদলে ফেলুন। পছন্দের জিনসের সঙ্গে পরতে পারেন কুর্তি, কনট্রাস্ট শার্ট কিংবা ক্রপ টপ। আবার লম্বা কুর্তির সঙ্গে ডেনিম পরেও তৈরি করতে পারেন সুন্দর ইন্দো-ওয়েস্টার্ন লুক। দিনের বেলায় ঠাকুর দেখতে যাওয়া হোক কিংবা রাতে বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং, আরামদায়ক এই সাজে স্টাইলও থাকবে, স্বাচ্ছন্দ্যও থাকবে।আলমারিতে পড়ে থাকা রঙিন ওড়নাগুলোকে অবহেলা করবেন না। একটা সাধারণ টপ বা কুর্তির সঙ্গে মানানসই ওড়না ব্যবহার করেই সাজে আনতে পারেন নতুনত্ব। কখনও ওড়না একদিকে ঝুলিয়ে রাখুন, কখনও দুই কাঁধে অন্যভাবে ড্রেপ করুন। চাইলে লম্বা স্কার্টের সঙ্গে ওড়না জুড়েও তৈরি করতে পারেন অন্যরকম ফিউশন লুক। একই পোশাকের সঙ্গে ওড়না পরার ধরন বদলে গেলেই সাজটা অনেকটাই আলাদা দেখাবে।তবে পোশাক যাই হোক, গয়না আর চুলের স্টাইলেই আসল চমক!একই পোশাক বারবার পরলেও সাজে নতুনত্ব আনার আরও একটি সহজ উপায় হল গয়না আর চুলের স্টাইল বদলে নেওয়া। একদিন অক্সিডাইজড ঝুমকো, অন্য দিন মুক্তোর দুল। কখনও চুল খোলা রাখুন, কখনও বেঁধে নিন সুন্দর করে। শাড়ির সঙ্গে খোঁপা, আবার ডেনিমের সঙ্গে খোলা চুল। সাজের সঙ্গে মানিয়ে চুলের ধরন বদলালেই তৈরি হতে পারে আলাদা লুক। সঙ্গে ছোট্ট ব্যাগ কিংবা পছন্দের জুতো। খুব বেশি কিছু না করেও সাজ হয়ে উঠবে আকর্ষণীয়।