শিয়ালদহ মেইন শাখায় রেল বিভ্রাট: আপ ও ডাউন দুই লাইনেই ব্যাহত পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা
সকালের ব্যস্ত সময়ে ফের বিপত্তি শিয়ালদহ মেইন শাখায়। শুক্রবার সকাল থেকেই যান্ত্রিক গোলযোগের জেরে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আগরপাড়া, বেলঘরিয়া এবং দমদমের আগে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ায় গোটা শাখায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।আগরপাড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল আচমকা দাঁড়িয়ে পড়ে। এরপর থেকেই শিয়ালদহগামী ওই লাইনে ট্রেনের লম্বা লাইন পড়ে যায়। ৪ নম্বর লাইন বন্ধ থাকলেও ২ নম্বর লাইন দিয়ে কিছু ট্রেন চলছে, তবে সেখানে ভিড়ের চাপে যাত্রীদের নাভিশ্বাস ওঠার জোগাড়।[TECHTARANGA-POST:7261]ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ভোগান্তি চরমে। বেলঘরিয়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগরগামী এসি লোকাল দাঁড়িয়ে পড়ায় পিছনের ট্রেনগুলিও আটকে পড়েছে।পরিষেবায় সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত। তিনি জানিয়েছেন, বড় কোনো গন্ডগোল না থাকলেও সিগন্যাল বিভ্রাটের কারণে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। তবে স্টেশনে পর্যাপ্ত ঘোষণা না হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।[TECHTARANGA-POST:7260]ট্রেনের অপেক্ষায় স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকে বিকল্প হিসেবে বাস বা অটো ধরার চেষ্টা করছেন। কিন্তু ট্রেন অনিয়মিত হওয়ায় রাস্তার ওপর এবং বিকল্প লাইনগুলোতেও যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। ফলে গন্তব্যে পৌঁছাতে রীতিমতো নাজেহাল হচ্ছেন অফিসযাত্রীরা।