‘খেলা এখনও বাকি!’ ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে অজয়ের সামনে নতুন শত্রু, রহস্য ফাঁসের আশঙ্কা
একটা পরিবার, একটা পুরনো রহস্য আর সেই রহস্য বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা! 'দৃশ্যম'-এর গল্পটা বরাবরই এতেই আটকে ছিল। কিন্তু তৃতীয় পর্বে এসে বিজয় সালগাঁওকরের সেই পুরনো ছকেই যেন বড়সড় ধাক্কা। প্রকাশ্যে এসেছে ‘দৃশ্যম দ্য কনক্লুসন’-এর ট্রেলার। আর কয়েক মিনিটের ঝলকেই পরিষ্কার, এবার বিজয়ের প্রতিপক্ষ আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।[TECHTARANGA-POST:12463]অজয় দেবগন আবারও ফিরছেন বিজয় সালগাঁওকর চরিত্রে। পরিবারকে বিপদ থেকে দূরে রাখতে প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন যিনি, এবার তাকেই নিজের তৈরি জালের মধ্যে আটকে পড়তে দেখা যাচ্ছে। কারণ পুরনো কেসের ফাইল ফের খুলেছে পুলিশ। আর তদন্ত যত এগোচ্ছে, ততই মনে হচ্ছে আসল সত্যিটা এবার সামনে চলে আসতে পারে। এই জায়গাতেই গল্পে নতুন মোড় এনেছেন জয়দীপ আহলাওয়াত। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার রাজবীর সিং তোমরের চরিত্রে দেখা যাবে তাঁকে। বিজয়ের বিরুদ্ধে শুধু সন্দেহ নয়, তাঁর হাতে রয়েছে তদন্তকে একেবারে গোড়া থেকে নতুন করে সাজানোর দায়িত্ব। বিজয় কি আবারও কয়েক ধাপ এগিয়ে থাকবে, নাকি রাজবীরের তদন্তে প্রথমবার সত্যিই বিপাকে পড়বে সালগাঁওকর পরিবার? ট্রেলার দেখে রহস্যটা আরও বেড়ে গিয়েছে।[TECHTARANGA-POST:12429]‘দৃশ্যম’-এর সবচেয়ে বড় আকর্ষণই ছিল দর্শককে বারবার ভুল পথে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে চমকে দেওয়া। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ২ অক্টোবরের সম্পর্কও বেশ মজার। প্রথম দুই ছবির গল্পেই এই তারিখটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ফিরে এসেছে। তৃতীয় ছবির ক্ষেত্রেও সেই ধারাই বজায় রেখেছেন নির্মাতারা। ‘দৃশ্যম দ্য কনক্লুসন’ মুক্তি পাবে আগামী ২ অক্টোবর। নামেই যখন ‘দ্য কনক্লুসন’, তখন এতদিনের রহস্যের শেষ অধ্যায় এবার কীভাবে লেখা হবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড়। আপাতত ট্রেলার শুধু একটা কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘পিকচার অভি বাকি হ্যায়…!’