Hidden Stories (বাংলা)

কমিশনের ভোটারতালিকায় অভিষেক ‘পেন্ডিং’! শুভেন্দু ‘ডিলিটেড’?

কলকাতা: সাধারণত পরীক্ষার রেজাল্ট আউটের আগে বুক ঢিপঢিপ করে পড়ুয়াদের। কিন্তু, ভারতের নির্বাচন কমিশনের কৃপায় এখন ভোটারতালিকায় নাম দেখতে গিয়েও হৃদরোগে আক্রান্ত হওয়ার উপক্রম বাংলার মানুষের। মঙ্গলবার গভীর রাতে কমিশনের ওয়েবসাইটে যে ‘ম্যাজিক’ দেখা গেল, তাতে কার্যত থমকে যাওয়ার দশা রাজ্যের ভোটারদের একাংশের। তালিকায় নাম খুঁজতে গিয়ে আমজনতা দেখছেন, তাঁরা এখন আর নিছক ভোটার নন, বরং প্রত্যেকেই এক একজন ‘বিচারাধীন’ (Under Adjudication) চরিত্র![TECHTARANGA-POST:7570]মঙ্গলবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের সিইওর ওয়েবসাইটের সাপ্লিমেন্টারি লিস্ট খুলতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম দেখাচ্ছে ‘ডিলিটেড’ অর্থাৎ তা কিনা মুছে ফেলা হয়েছে। আর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে জ্বলজ্বল করছে ‘বিচারাধীন’ তকমা! শুধু তাঁরা নন, সাধারণ ভোটাররা নিজেদের এপিক নম্বর দিতেই স্ক্রিনে ভেসে উঠছে — 'আপনি বিচারাধীন' বার্তা। এক লহমায় যেন পুরো বাংলাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে কমিশন!শাসকদল তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপ দেগেছে। তাদের বক্তব্য, চূড়ান্ত তালিকায় নাম থাকার পরেও কেন বাংলার কোটি কোটি ভোটারকে হঠাৎ ‘বিচারাধীন’ হিসাবে দেখানো হলো? কমিশনের পোর্টালে এই অদ্ভূত কাণ্ড দেখে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, ডিজিট্যাল ইন্ডিয়ার যুগে কমিশনের সার্ভার কি এতটাই ‘স্মার্ট’, যে সে নিজে থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে?এ নিয়ে ঘাসফুল শিবিরের বক্তব্য হল, "আপনাকে শুনানির জন্য ডাকা হয়নি, চূড়ান্ত তালিকায় নাম ছিল — তা সত্ত্বেও আপনি এখন ‘UNDER ADJUDICATION’। পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দেওয়া হয়েছে।"[TECHTARANGA-POST:7569]অবশ্য ঘণ্টা দুয়েক এই তাণ্ডব চলার পর টনক নড়ে নির্বাচন কমিশনের। রাত ১২টা নাগাদ এই সমস্যা মেটে। কমিশনের পক্ষ থেকে অত্যন্ত দায়সারাভাবে জানানো হয়, এটি নেহাতই একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’ বা সার্ভারের সমস্যা। অর্থাৎ, কমিশনের ভাষায়, ভুলবশত বাংলার সব ভোটারকে ‘সাসপেক্ট’ বানিয়ে দেওয়া হয়েছিল, এখন সব ঠিক আছে!ভোটের মুখে কমিশনের এই ‘টেকনিক্যাল গ্লিচ’ যে বিরোধী এবং শাসক - উভয় পক্ষকেই এক সারিতে এনে দাঁড় করিয়ে দিল, তা বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারী ভোটারতালিকা থেকে উধাও আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন হওয়া — এমন টানটান চিত্রনাট্য বোধহয় কোনও থ্রিলার লেখকও লিখতে পারতেন না। যা অনায়াস দক্ষতায় করে দেখাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

কমিশনের ভোটারতালিকায় অভিষেক ‘পেন্ডিং’! শুভেন্দু ‘ডিলিটেড’?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার