বজবজে গ্যারাজে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল! নিহত ১, গুরুতর আহত আরও ১
বজবজ: বৃহস্পতিবার সকালে বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় একটি গ্যারাজে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল একজনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে - গ্যারাজের টিনের ছাউনি উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে পড়ে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্যারাজটি শেখ নিজামউদ্দিন নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ সেখানে একটি ট্যাঙ্কার ঝালাইয়ের কাজ চলছিল। সেই কাজ করার সময় গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। প্রাথমিক অনুমান, ঝালাই চলাকালীন কোনওভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পৌঁছয় বজবজ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই জখম ব্যক্তিকে উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর চিকিৎসা চলছে।ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। ওই গ্যারাজে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা এবং জনবসতিপূর্ণ এলাকায় নিয়ম মেনে কাজ হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।