Hidden Stories (বাংলা)

মিড-ডে মিলেই জগন্নাথের ভোগ! ফলতার স্কুলে উল্টো রথে উৎসবের আমেজ

আজ জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। সেই উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনার ফলতার এফ পি স্কুল। পড়াশোনার পাশাপাশি উৎসবের আনন্দও যেন প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই স্কুল প্রাঙ্গণে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। আর সেই উৎসবেই মিড-ডে মিলের বিশেষ মেনুকে দেওয়া হয় জগন্নাথদেবের ভোগের মর্যাদা।স্কুলের উদ্যোগে রথে জগন্নাথদেবকে বসিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। উৎসাহের সঙ্গে রথ টানে খুদে পড়ুয়ারা। উৎসব উপলক্ষে প্রায় ৩৮৫ জন ছাত্রছাত্রীকে বিশেষ মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা, গজা, ফল ও মিষ্টি। এই বিশেষ খাবারকেই জগন্নাথদেবের ভোগ হিসেবে নিবেদন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, অনেক পড়ুয়াই নানা কারণে রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে না। তাই সকলকে একসঙ্গে উৎসবের আনন্দে সামিল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, "পড়াশোনার পাশাপাশি শিশুদের মধ্যে মিলেমিশে থাকার মানসিকতা গড়ে তোলা এবং স্কুলমুখী করে তুলতেই এই রথযাত্রার আয়োজন করা হয়েছে।"কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ উৎসবের দিনে = মধ্যাহ্নভোজকে আরও আকর্ষণীয় করে তুলতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। রথ টানা থেকে শুরু করে ভোগ খাওয়া, সব মিলিয়ে দিনভর আনন্দে মেতে ছিল খুদে পড়ুয়ারা। স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। কর্তৃপক্ষের আশা, আগামী বছরও আরও বড় পরিসরে এই উৎসবের আয়োজন করা হবে।

মিড-ডে মিলেই জগন্নাথের ভোগ! ফলতার স্কুলে উল্টো রথে উৎসবের আমেজ