২০০তম ম্যাচে জোড়া মাইলফলক, হ্যাটট্রিকে বিশ্বকাপ কাঁপালেন লিওনেল মেসি
ক্যানসাস সিটি: বিশ্বকাপের মঞ্চে যেন আবারও নিজের রাজত্ব ঘোষণা করলেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও যে তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা, তা আরও একবার প্রমাণ হয়ে গেল আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে। অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।[TECHTARANGA-POST:10000]ম্যাচের আগে থেকেই ক্যানসাস সিটিতে ছিল উৎসবের আবহ। আকাশি-সাদা জার্সিতে হাজার হাজার সমর্থকের ঢল নেমেছিল শহরের রাস্তায়। আর ম্যাচ শেষে তাঁদের উল্লাস যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। কারণ, মাঠে যে দেখা মিলল পুরনো সেই মেসির - যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার শিরোপাধারী আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে মাঠে নামলেন মেসি। ম্যাচের আগে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে কিছুটা জল্পনা থাকলেও কোচ লিওনেল স্কালোনি শুরু থেকেই ভরসা রাখেন অধিনায়কের উপর। আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা বোঝা গেল ম্যাচের প্রতিটি মুহূর্তে। শুরুতেই দুই দলের একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে প্রথম দশ মিনিটে উত্তেজনার পারদ চড়লেও গোলের খাতা খোলেনি কেউ। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শুরু করে আর্জেন্টিনা। মাঝমাঠে নেমে এসে খেলা গড়ে তোলা থেকে শুরু করে আক্রমণে উঠে গিয়ে সুযোগ তৈরি - সব ভূমিকাতেই দেখা যায় মেসিকে।[TECHTARANGA-POST:10016]১৭ মিনিটে সেই অপেক্ষার অবসান। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় আর্জেন্টিনা। যদিও আলজেরিয়াও লড়াই চালিয়ে যায়, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজদের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত ফিনিশিংয়ে সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। বিশ্বকাপের মঞ্চে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সর্বাধিক বিশ্বকাপ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১তম হ্যাটট্রিক। বিশ্বকাপের ইতিহাস সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের নজির ছিল রোনাল্ডোরই। আজকের পর থেকে সেই রেকর্ডের মালিক হয়ে গেলেন মেসি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ২০০তম আন্তর্জাতিক ম্যাচকে এর চেয়ে স্মরণীয় আর কীভাবেই বা করা যেত! তৃতীয় গোলের পর আর কোনও ঝুঁকি না নিয়ে মেসিকে তুলে নেন স্কালোনি। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।