বেআইনি বাজি তৈরি করতে গিয়েই কি এই বিপর্যয়? ভস্মীভূত হয়ে মৃত অন্তত ৮,
আলওয়ার: রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াড়িতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ, একটি বন্ধ রাসায়নিক কারখানার আড়ালে বেআইনিভাবে বাজি তৈরি করতে গিয়েই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। মৃত শ্রমিকদের সকলেই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে ভিওয়াড়ির ওই কারখানায় আচমকা আগুন লেগে যায়। এলাকাটি দৈনন্দিন টহল দেওয়ার সময় পুলিশ আধিকারিকরা কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও আগুনের লেলিহান শিখা ও পর পর বিস্ফোরণে শ্রমিকদের বের করে আনা কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারখানার ভিতর থেকে অন্তত ৩ থেকে ৪টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।দমকল অধিকর্তা রাজু খান জানিয়েছেন, খাতায়-কলমে গত কয়েক মাস ধরে কারখানাটি বন্ধ ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, তলে তলে সেখানে দাহ্য পদার্থ মজুত করে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা পালানোর সুযোগ পাননি।এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও একজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। দাহ্য পদার্থের মজুত থাকায় পাশের কারখানাগুলিও খালি করে দেওয়া হয়। ভিওয়াড়ির সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কীভাবে বন্ধ কারখানায় এই কর্মকাণ্ড চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।কারখানা থেকে উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর শিল্পতালুক এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বেআইনি বাজি কারখানার নেপথ্যে কারা রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।