অসমে বন্যার তাণ্ডব অব্যাহত, মৃত বেড়ে ৭৫! এখনও জলবন্দি লক্ষাধিক
পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী অসম। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। জলের তলায় চলে গেছে শত শত গ্রাম, লক্ষাধিক মানুষ এখনও ঘরছাড়া। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার ও ত্রাণকার্য। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর (ASDMA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন মানুষ বন্যার কবলে রয়েছেন। প্রায় ৪৫,৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি এখনও জলের তলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। পাশাপাশি গোলাঘাট, জোরহাট, চরাইদেও-সহ একাধিক জেলার অবস্থা এখনও ভয়াবহ। লাগাতার বর্ষণে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। বন্যায় মৃতদের পরিবারের জন্য ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত এক লক্ষেরও বেশি পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। ১ অগস্ট থেকে অরুণোদয় প্রকল্পের বিশেষ কিস্তি হিসেবে চরাইদেও, জোরহাট, গোলাঘাট ও শিবসাগরের উপভোক্তারা ২,৫০০ টাকা করে অতিরিক্ত সাহায্য পাবেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের জন্যও বিশেষ স্টুডেন্ট গ্র্যান্ট ঘোষণা করেছে রাজ্য সরকার।[TECHTARANGA-POST:11310]ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলি পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উচ্চপর্যায়ের বৈঠকে অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । রাজ্য প্রশাসন, NDRF, SDRF, সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্ন এলাকায় নৌকায় খাদ্য, পানীয় জল ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। বহু ত্রাণ শিবিরে মোতায়েন করা হয়েছে বিশেষ চিকিৎসক দল। পাশাপাশি ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অসমমুখী কার্গোর পরিবহণ খরচও মকুব করা হয়েছে।