গণনার ঠিক আগে বারুদ-গন্ধে কাঁপল ব্যারাকপুর! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে মাঝরাতে এলোপাথাড়ি গুলি
বারাকপুর: ৩ মে, ২০২৬: ভোটগণনার মাত্র কয়েক ঘণ্টা বাকি, আর ঠিক তার আগেই রক্তাক্ত রাজনীতির চেনা ছকে ফিরল ব্যারাকপুর শিল্পাঞ্চল। শনিবার গভীর রাতে নোয়াপাড়ার গারুলিয়া এলাকায় বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে চলল গুলি। স্কুটিতে চড়ে আসা দুই দুষ্কৃতী অতর্কিতে হামলা চালিয়ে চম্পট দেয়। মাঝরাতের এই শুটআউটের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে স্কুটির পিছনে বসে থাকা এক যুবক কোমর থেকে বন্দুক বের করে সরাসরি কুন্দন সিংয়ের বসতবাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।[TECHTARANGA-POST:8710]বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারী দুই যুবক আকাশ চৌধুরী ও আমন। গেরুয়া শিবিরের অভিযোগ, গণনার আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এবং বিজেপি নেতাকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কুন্দন সিং ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। [TECHTARANGA-POST:8693]পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। ৪ মে-র মহালড়াইয়ের আগে এই আগ্নেয়াস্ত্রের আস্ফালন ব্যারাকপুরের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তৃণমূল অবশ্য এই ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে পাল্টা দাবি করেছে। আপাতত অপ্রীতিকর ঘটনা এড়াতে গারুলিয়া জুড়ে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে।