বাজারে পরিচ্ছন্নতা থেকে প্লাস্টিক নিষেধাজ্ঞা - গড়িয়াহাট পরিদর্শনে একগুচ্ছ কড়া নির্দেশ পুরমন্ত্রীর
কলকাতাঃ সপ্তাহের প্রথম দিন সোমবার। জামাইষষ্ঠীর ব্যস্ততা কাটিয়ে গড়িয়াহাট বাজারে ভিড় ছিল তুলনামূলকভাবে কম। আর সেই সুযোগেই সকাল সকাল বাজারে আচমকা হাজির হন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা বাজার ঘুরে দেখেন তিনি। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে বাজারজুড়ে তৈরি হয় চাঞ্চল্য।[TECHTARANGA-POST:10152]বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। দোকানের সামনের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব ব্যবসায়ীদেরই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। কোনও দোকানের সামনে ময়লা জমে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা হবে বলেও সতর্ক করেন। শুধু পরিচ্ছন্নতাই নয়, বাজারের ভিতরে অবৈধ পার্কিং এবং দোকানের অবৈধ সম্প্রসারণ নিয়েও কড়া অবস্থান নেয় পুর দপ্তর। বরাদ্দ জায়গার বাইরে যাঁরা দোকান বাড়িয়ে রেখেছেন, তাঁদের এক সপ্তাহের মধ্যে সেই অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10148]অগ্নিমিত্রা বলেন, “বাংলার মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। আজ গড়িয়াহাট দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা বাজারে যাওয়া হবে। বাজারে প্লাস্টিক ব্যবহার করতে ধরা পড়লে ২০০ টাকা জরিমানা করা হবে। সব বাজারে পুরুষ-মহিলাদের বাথরুম করতে হবে। জল-কাদায় পিচ্ছিল মেঝেতে বিপদ এড়াতে বড় বড় স্লাব বসানো হবে। প্রত্যেকটি দোকানের গ্যাপে নালা তৈরি হবে, মাছ-মাংসের দোকানের নালাগুলি প্রতিদিন পরিষ্কার করতে হবে, দিনে তিনবার বাজার পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। যে দোকানের সামনে ময়লা, তাকে জরিমানা হবে। বাজারে কোনও ত্রিপল থাকবে না। ফায়ার সিস্টেমেও নজর দিতে হবে।”