রোগীদের খাবারের মানোন্নয়নে স্বস্তি, আদালতের রায়ে বহাল রাজ্যের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত
সরকারি হাসপাতালের রোগীদের খাবারে বাড়তি বরাদ্দ নিয়ে কাটল আইনি জটিলতা। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ খারিজ করেছে। ফলে রাজ্যের নয়া সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথে আর কোনও বাধা নেই। হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের গুণমান উন্নত করতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাই মাথাপিছু খাবারের খরচ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১২ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৩ জুলাই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ১ আগস্ট থেকে তা চালুর কথা জানানো হয়েছিল। তবে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় একটি সংস্থা। তাদের দাবি ছিল, রোগীদের খাবারের খরচ সংক্রান্ত বিষয়টি এখনও আদালতের বিবেচনাধীন। এর মধ্যেই নতুন করে বরাদ্দ নির্ধারণ করা ঠিক নয়। তারপর সেই আবেদনের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চ রাজ্যের সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দেয়। এরপর সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানির পর আদালত জানায়, খরচ বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে রাজ্য নতুন সিদ্ধান্ত নিতে পারে। এরপরই আগের স্থগিতাদেশ খারিজ করে দেওয়া হয়। [TECHTARANGA-POST:11444]ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না বলেই মনে করছে আইনজীবী মহল। ফলে আগের তুলনায় বাড়তি বরাদ্দে রোগীদের উন্নত মানের খাবার দিতে পারবে রাজ্য সরকার।