সরকারি হাসপাতালের ১০০ গজের মধ্যে ধূমপান করলেই বড় বিপদ! ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও তামাক বিক্রি রুখতে নজিরবিহীন কড়া নির্দেশ
কলকাতা: সরকারি স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতাল চত্বরে ধূমপানের অভ্যাসে এবার লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুধু সতর্কবার্তা নয়, আইন অমান্য করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। একই সঙ্গে হাসপাতালের ১০০ গজের মধ্যে যে কোনও ধরনের তামাকজাত পণ্য বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তর।স্বাস্থ্যদপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারি হাসপাতাল চত্বরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তবে প্রথমবার তাঁকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে দিতে হবে ২ হাজার টাকা এবং তৃতীয়বার ধরা পড়লে জরিমানার অঙ্ক দাঁড়াবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট বিক্রি করার উপরেও জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি আইনত সম্পূর্ণ অবৈধ। এই নিয়ম অমান্য করে কেউ দোকান চালালে ২০০ টাকা জরিমানার পাশাপাশি দোকানের যাবতীয় তামাকজাত পণ্য সরাসরি বাজেয়াপ্ত করা হবে। প্রতিটি সরকারি হাসপাতালকে পুরোপুরি তামাকমুক্ত ও গুটখামুক্ত করতে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান চালানো হবে বলেও তিনি নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের প্রবেশপথ, ওপিডি, করিডর, শৌচাগার, লিফট, সিঁড়ি এবং ক্যান্টিনের প্রতিটি কোণে ‘তামাকমুক্ত এলাকা’ ও ‘ধূমপান এবং থুতু ফেলা নিষিদ্ধ’ সংক্রান্ত সতর্কতামূলক পোস্টার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11844]হিডেন স্টোরিজ নিউজ