পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের হাত ধরে উধাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! সবংয়ে ব্যাপক শোরগোল
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র থেকেই প্রেমিকের হাত ধরে এক ছাত্রীর উধাও হওয়ার ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায়। ১৮ বছর ৫ মাস বয়সী ওই ছাত্রীর এমন কাণ্ডে কার্যত হতবাক পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।বৃহস্পতিবার ওই ছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সবংয়ের চাঁদকুড়ি হাই স্কুলে। পরিবারের পক্ষ থেকে তাঁর মামা তাঁকে স্কুল গেটের সামনে নামিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু পরীক্ষা শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাগ্নি বাইরে না আসায় চিন্তিত হয়ে পড়েন তিনি। এরপর স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে আসল সত্য। শিক্ষকরা জানান, ওই ছাত্রী সেদিন পরীক্ষা দিতেই প্রবেশ করেনি।[TECHTARANGA-POST:6642]এরপরই স্থানীয়দের মুখে জানা যায়, স্কুল পোশাকেই এক যুবকের সঙ্গে ওই ছাত্রীকে চলে যেতে দেখা গিয়েছে। পরিবারের দাবি, প্রেমের টানেই ওই ছাত্রী ঘর ছেড়েছে। তবে এমন ঘটনা এই প্রথম নয়; এর আগেও একবার প্রেমিকের সঙ্গে পালিয়েছিল সে। সেবার অনেক বুঝিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং পড়াশোনায় মনোযোগী করতে ফের স্কুলে ভর্তি করা হয়। কিন্তু এ বছর ফাইনাল পরীক্ষার দিনেই ফের উধাও হলো সে।আপাতত ওই ছাত্রী এবং তাঁর প্রেমিকের কোনো হদিশ পাওয়া যায়নি। মেয়ে কোথায় এবং কী অবস্থায় আছে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাঁরা মেয়েকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। উচ্চ মাধ্যমিকের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝপথে ছাত্রীর এমন পলায়ন এলাকায় এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।