FIR: কোটি টাকার সরঞ্জাম গেল কোথায়? ৬৪ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চুরির অভিযোগে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের
গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নততর করতে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল। করোনা পরিস্থিতির সময় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে ২০২১-২২ সালে সেই সমস্ত সরঞ্জামগুলি বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু এবার তা ঘিরেই উঠল অভিযোগ। স্বাস্থ্যপ্রতিষ্ঠান থেকে উধাও হয়ে গিয়েছে বেশ কিছু যন্ত্রাংশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। [TECHTARANGA-POST:12872]অভিযোগের ভিত্তিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের ১২টি জেলার মোট ৬৪টি সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে এমন ঘটনা ধরা পড়েছে। এর মধ্যে ৫০টি উপস্বাস্থ্যকেন্দ্র, ১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চুরির অভিযোগের তালিকায় হাওড়া জেলায় মোট ২৫টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম উধাও হওয়ার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সাঁকরাইলে ১৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং বাকি সাতটি শ্যামপুর-২ ব্লকের অন্তর্গত।[TECHTARANGA-POST:12867]সতর্কতার পরেও কীভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা সরঞ্জামের যন্ত্রাংশ উধাও হল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘সাধারণ মানুষ যাতে উপকৃত হন, সেই জন্য কোভিডের সময় এ ধরনের সামগ্রী কিনে পাঠানো হয়েছিল। সেই সকল যন্ত্রপাতি চুরি যাওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। যাঁদের হেফাজতে এই যন্ত্রপাতি ছিল তাঁদেরই দায়িত্ব নিতে হবে। গাফিলতি প্রমাণে আইনানুগ ব্যবস্থা নিতে দফতর যে পিছপা হবে না, নির্দেশিকায় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বেতন থেকে টাকা কেটেও ক্ষতিপূরণ উসুল করা হবে।’’