টানা বৃষ্টি উধাও কলকাতায়, আর্দ্রতার অস্বস্তির মাঝেই ৫ জেলায় চরম দুর্যোগের পূর্বাভাস!
কলকাতা: দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির আকাল আর অস্বস্তিকর গরমের দাপট, ঠিক তখনই উত্তরবঙ্গে প্রকৃতির রুদ্ররূপ নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বঙ্গে আবহাওয়া যেন এক অদ্ভুত খামখেয়ালিপনার রূপ নিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কখনও জোরে, আবার কখনও ঝিরঝিরে বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবাসীকে। শুক্রবার সকাল থেকেই তিলোত্তমায় মেঘ-রোদের খেলা চলছে, সঙ্গে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ঘামে প্যাচপ্যাচে অস্বস্তি বজায় রয়েছে। তবে দক্ষিণবঙ্গ যখন চাতক পাখির মতো ভারী বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে, ঠিক তখনই উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগের মেঘ আরও ঘনীভূত হচ্ছে।আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী চার দিন এই বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তবে ভারী বা অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকায় অস্বস্তিকর গরম থেকে এখনই সম্পূর্ণ রেহাই মিলছে না।অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এবং রীতিমতো আশঙ্কাজনক। সেখানে এখনই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় ধস নামতে শুরু করেছে এবং নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তার ওপর নতুন উপদ্রব হিসেবে যোগ হয়েছে ভুটানের পাহাড় থেকে নেমে আসা জল, যা পাহাড়ি নদীগুলিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই আবহে আগামী চার-পাঁচ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়িতে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই অতিভারী বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তুলনামূলক কম, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন দুই বঙ্গে আবহাওয়ার দুই ভিন্ন রূপ রাজ্যবাসীকে ভোগাবে, তা বলাই বাহুল্য।[TECHTARANGA-POST:11022]হিডেন স্টোরিজ নিউজ