নয়াদিল্লি: আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন নথি ছিনতাই বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি ইডির বাজেয়াপ্ত করা কোনও নথি সেখান থেকে নিয়ে আসেননি। তাঁর হাতে থাকা সেই বহুচর্চিত ‘সবুজ ফাইলে’ কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের দলীয় কাজের গোপন ও সংবেদনশীল নথি এবং কিছু ইলেকট্রনিক গ্যাজেট ছিল।[TECHTARANGA-POST:6251]কয়লাপাচার মামলার তদন্তে ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দিয়েছিল ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। এরপরই ইডি অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলেছেন। এই অভিযোগ নিয়েই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।জমা দেওয়া হলফনামায় মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে পাল্টা একাধিক অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তল্লাশি চলাকালীন তিনি সেখানে খুব অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন এবং তদন্ত প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করেননি। হলফনামায় দাবি করা হয়েছে, কয়লাপাচারের তদন্তের নাম করে আসলে তৃণমূলের গোপন রাজনৈতিক তথ্য এবং নথিপত্র চুরি করাই ছিল ইডির মূল লক্ষ্য। একইসঙ্গে, ইডির এই অভিযানের কোনও আইনি বৈধতা ছিল না এবং কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলি দ্বারা শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়া একটি ‘প্যাটার্ন’-এ পরিণত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়।অন্যদিকে ইডির দাবি, কয়লাপাচারের কালো টাকা হাওয়ালা মারফত আইপ্যাক-এর মধ্যস্থতায় লেনদেন করা হয়েছে। এই যোগসূত্রেই প্রতীক জৈনের অফিসে তল্লাশি চালানো হয়েছিল। ইডির অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তাদের বাজেয়াপ্ত করা নথিপত্র হাতছাড়া হয়েছে, যা তদন্তেও প্রভাব ফেলেছে।সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, বিশেষজ্ঞদের মতে - একদিকে ইডির ‘নথি ছিনতাই’-এর অভিযোগ এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর ‘দলীয় তথ্য চুরি’-র পাল্টা দাবি ঘিরে আইনি লড়াই এখন তুঙ্গে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার