Hidden Stories (বাংলা)

পুলওয়ামার বীর শহিদদের স্মরণ, কোচবিহারে পালিত 'কালো দিবস'

কোচবিহার: ক্যালেন্ডারের পাতায় আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে যখন প্রেমের জোয়ার, তখন কোচবিহারের সাধারণ মানুষের চোখে জল। ২০১৯ সালের এই দিনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ভারতের ৪০ জন বীর জওয়ান। সেই স্মৃতি সম্বল করেই আজ শনিবার কোচবিহারের ঐতিহ্যবাহী সাগর দিঘি চত্বরে শহিদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন স্থানীয় বাসিন্দারা।শনিবার সকাল থেকেই সাগর দিঘি সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। দেশাত্মবোধক গান এবং ভারতমাতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। সেখানে শহিদ জওয়ানদের প্রতিকৃতিতে মাল্যদান এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।উপস্থিত সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের গলায় ছিল বিষণ্ণতা ও গর্বের সুর। তাঁদের কথায়, "আজ হয়তো অনেকের কাছেই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসার দিন। কিন্তু, আমাদের কাছে এবং সমগ্র ভারতের কাছে এটি একটি 'কালো দিন'। আমাদের দেশের বীর সন্তানরা দেশের সুরক্ষায় আত্মবলিদান দিয়েছেন। তাঁদের এই ত্যাগকে আমরা কোনও দিন ভুলব না।"কোচবিহারের এই স্বতঃস্ফূর্ত আবেগ প্রমাণ করে দিল, উৎসবের আবহেও দেশের অতন্দ্র প্রহরীদের আত্মত্যাগ আজও সাধারণ মানুষের হৃদয়ে সমানভাবে উজ্জ্বল। বীর শহিদদের প্রতি এই গভীর শ্রদ্ধার্ঘ্য আজ এক অনন্য নজির সৃষ্টি করল শহর কোচবিহারে।

পুলওয়ামার বীর শহিদদের স্মরণ, কোচবিহারে পালিত 'কালো দিবস'

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার