সাংবাদিক হত্যা মামলায় নাটকীয় মোড়! হাই কোর্টে বেকসুর খালাস পেলেন ডেরা প্রধান রাম রহিম
দীর্ঘ ২২ বছর পর সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় বড়সড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট শনিবার নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে রাম রহিমকে এই মামলা থেকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে।[TECHTARANGA-POST:7083]২০০২ সালের অক্টোবর মাসে হরিয়ানার সিরসায় নিজের বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। অভিযোগ ছিল, ডেরা প্রধানের আশ্রমে মহিলা অনুগামীদের ওপর যৌন হেনস্থার ঘটনা নিজের সংবাদপত্র ‘পুরা সচ’-এ ফাঁস করে দেওয়ার অপরাধে তাঁকে প্রাণ হারাতে হয়।[TECHTARANGA-POST:7078]২০১৯ সালে পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালত রাম রহিম-সহ চারজনকে এই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। কিন্তু শনিবার পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শীল নাগু এবং বিচারপতি বিক্রম আগরওয়ালের ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দেয়। তবে মামলার বাকি অভিযুক্তদের সাজা বহাল রেখেছে আদালত।[TECHTARANGA-POST:7076]খুন ও ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি পেলেও এখনই কারাগারের বাইরে আসতে পারছেন না রাম রহিম। কারণ, ২০১৭ সালে আশ্রমের দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে তিনি বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলাসহ আরও বেশ কিছু আইনি জটিলতা এখনও তাঁর পিছু ছাড়েনি।[TECHTARANGA-POST:7086]উল্লেখ্য, সাংবাদিক রামচন্দ্রের ছেলে অংশুল ছত্রপতি বাবার খুনের বিচার চেয়ে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন। এর আগে রঞ্জিত সিং হত্যা মামলাতেও হাই কোর্ট রাম রহিমকে খালাস দিয়েছিল, যা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজকের এই রায় সাংবাদিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।