Hidden Stories (বাংলা)

স্বপ্নভঙ্গ স্বপ্নার? শেষ মুহূর্তে রাজগঞ্জে ফের খগেশ্বরেই ভরসা মমতার! আইনি জট কাটল না সোনাজয়ী অ্যাথলিটের

জলপাইগুড়ি: ভোটের ময়দানে নামার আগেই কি দৌড় থামল সোনার মেয়ে স্বপ্না বর্মণের? রাজগঞ্জ বিধানসভাকেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষিত হলেও, আইনি জটিলতায় কার্যত কোণঠাসা এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলিট। রেলের চাকরি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘এনওসি’ না পাওয়ায় তাঁর মনোনয়ন জমা দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর, এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফের স্বমহিমায় ফিরছেন বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন পাওয়ার দাবি করে খগেশ্বর জানিয়েছেন, সোমবার তিনিই মনোনয়ন জমা দিচ্ছেন।[TECHTARANGA-POST:7842]উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মী স্বপ্না বর্মণ মাসখানেক আগে ছুটি নিয়েছিলেন। কিন্তু রেলের অভিযোগ, সরকারি চাকরিতে বহাল থেকে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন এবং তৃণমূলের মিছিলে পা মিলিয়েছেন, যা নিয়মবিরুদ্ধ। এই আইনি জটিলতার কারণেই সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হওয়া সত্ত্বেও এখনও রেলের ছাড়পত্র পাননি স্বপ্না। রবিবার তাঁর সমস্ত প্রচার কর্মসূচিও বাতিল করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।[TECHTARANGA-POST:7836]অন্যদিকে, প্রথমে টিকিট না পেয়ে অভিমানে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রবীণ নেতা খগেশ্বর রায়। কিন্তু, স্বপ্নার আইনি জটিলতা তৈরি হতেই পাশা উল্টে যায়। রবিবার খগেশ্বর রায় বিস্ফোরক দাবি করে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে সোমবার মনোনয়ন জমা দিতে বলেছেন। স্বপ্না বর্মণ এনওসি পান বা না পান, দল আমাকেই প্রস্তুতি নিতে বলেছে।”[TECHTARANGA-POST:7833]তৃণমূলের অন্দরের খবর, সোমবার দুপুর পর্যন্ত স্বপ্নার এনওসি পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও ঝুঁকি নিতে চাইছে না শাসকদল। সে ক্ষেত্রে ‘প্ল্যান বি’ হিসাবে খগেশ্বর রায়কেই তুরুপের তাস করা হচ্ছে। টিকিট না পেয়ে গোঁসা করা খগেশ্বরই কি তবে শেষমেশ রাজগঞ্জের মুকুট ধরে রাখবেন? নাকি শেষ মুহূর্তে কোনও মিরাকল ঘটিয়ে ময়দানে ফিরবেন স্বপ্না? এখন সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গ।[TECHTARANGA-POST:7829]এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বপ্না বর্মণের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে, রাজগঞ্জের এই নাটকীয় পটপরিবর্তন যে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

স্বপ্নভঙ্গ স্বপ্নার? শেষ মুহূর্তে রাজগঞ্জে ফের খগেশ্বরেই ভরসা মমতার! আইনি জট কাটল না সোনাজয়ী অ্যাথলিটের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার