কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বাসভবন কেন্দ্র করে এবার নতুন এক রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতর শুরু হল। দক্ষিণ কলকাতার ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরনিগমের অ্যাসিসর-কালেক্টর (দক্ষিণ) দফতরের পক্ষ থেকে একটি কড়া নোটিস জারি করা হয়েছে। এই নোটিস প্রকাশ্যে আসতেই কলকাতার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।[TECHTARANGA-POST:9350]পুরনিগমের নথিতে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট সম্পত্তিটি প্রথমে 'মেসার্স অনিমেষ ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেড'-এর নামে কেনা হয়েছিল। পরবর্তী সময়ে এই সংস্থার নাম পরিবর্তন করে রাখা হয় 'লিপ্স অ্যান্ড বাউন্ডস্ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড'। অভিযোগ উঠেছে, ওই ঠিকানার পুরনো কাঠামো ভেঙে সেখানে নতুন বহুতল ভবন 'শান্তিনিকেতন' নির্মাণ করা হলেও, সম্পত্তিটির কর নির্ধারণের ক্ষেত্রে সেটিকে 'মালিক-অধিষ্ঠিত' বা 'মালিক-অধিকৃত' হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে এই বাড়ির কর মেটাচ্ছে 'লিপ্স অ্যান্ড বাউন্ডস্ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড' এবং এখানেই সপরিবারে বসবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।[TECHTARANGA-POST:9349]তবে, পুরনিগমের অ্যাসিসর-কালেক্টর দফতরের দাবি, অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছে যে সম্পত্তিটি বর্তমানে প্রকৃত নথিভুক্ত মালিক সংস্থা ব্যবহার করছে না, বরং সেখানে অন্য ব্যক্তিরা সপরিবারে বসবাস করছেন। এই কারণেই সম্পত্তির করের পুনর্মূল্যায়ন করতে চাইছে পুরনিগম। আর, সেই সূত্রেই সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে হওয়া আসল চুক্তিপত্র, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত নথি এবং ওই বাড়ির দখল সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত মঙ্গলবার, ১৯ মে অ্যাসিসর-কালেক্টর (দক্ষিণ) অরূপ মণ্ডল স্বাক্ষরিত এই নোটিসটি 'লিপ্স অ্যান্ড বাউন্ডস্ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড'-এর ডিরেক্টরের উদ্দেশে পাঠানো হয়েছে। চিঠিটি ইস্যু করার দিন থেকে আগামী সাতদিনের মধ্যে সমস্ত প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কাগজপত্র পুরনিগমের দফতরে জমা দিতে বলা হয়েছে।[TECHTARANGA-POST:9348]এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, সম্পত্তি কর নির্ধারণের ক্ষেত্রে বড়সড় অনিয়ম করা হয়েছে এবং বাড়ির প্রকৃত ব্যবহারকারীদের নাম আড়াল করার চেষ্টা হয়েছে। যদিও এই নোটিস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে, পুর প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, এটি কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নয়; কলকাতা পুরনিগম বর্তমানে শহরের বিভিন্ন বড় সম্পত্তির কর নির্ধারণ ও তার ব্যবহারিক তথ্য খতিয়ে দেখার যে সাধারণ প্রক্রিয়া চালাচ্ছে, এটি তারই একটি অংশ।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার