কলকাতা: তিলোত্তমায় যেন উলটপুরাণের সুনামি! কলকাতা পুরসভার শাসকদলের কাউন্সিলরদের শ্রীঘরে যাওয়ার পালা কিছুতেই থামছে না। বাপ্পাদিত্য, জসিমউদ্দিনদের পর এবার পুলিশের জালে ধরা পড়লেন পুরসভার হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। খুনের চেষ্টা থেকে শুরু করে এক মহিলাকে শ্লীলতাহানি— একাধিক মারাত্মক ও চাঞ্চল্যকর অভিযোগে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গত কয়েক দিনে কলকাতা পুরসভার মোট ১০ জন কাউন্সিলর শ্রীঘরে গেলেন, যা পুরসভার ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড। ক্ষমতাচ্যুত হতেই যেভাবে একের পর এক দাপুটে নেতার ডানা ছাঁটা হচ্ছে, তাতে ঘুম উড়েছে ঘাসফুল শিবিরের বাকি শিবিরেরও।কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন সদস্য স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগের তির কিন্তু বেশ পুরনো। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোটপরবর্তী হিংসার সময় এলাকায় একচ্ছত্র দাপট ছিল স্বপনের। সেই সময় ক্ষমতার গরমে তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউ। ২০২২ সালের ২ মে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনায় এক মহিলাকে শ্লীলতাহানি, খুনের চেষ্টা, বেআইনিভাবে আটকে রাখা, সম্পত্তি ধ্বংস ও চুরির মতো একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। কিন্তু রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি ঘুরতেই মঙ্গলবার নারকেলডাঙা থানায় নতুন করে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কড়া ধারায় স্বপনকে খাঁচাবন্দি করল পুলিশ।[TECHTARANGA-POST:9851]কলকাতার বুকে এখন যেন চোর-পুলিশ খেলা চলছে। গত কয়েক দিনে যেভাবে একের পর এক কাউন্সিলরকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের চোখ চড়কগাছ। মাত্র কয়েক দিন আগেই পাটুলি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার পরদিনই জোড়াসাঁকোর কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনকে নাবালিকা হেনস্থা ও পকসো আইনের মতো ঘৃণ্য মামলায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে তোলাবাজির অভিযোগে ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামীকেও গ্রেফতার করা হয়েছে। আর বুধবার স্বপন সমাদ্দারের এই গ্রেফতারি বুঝিয়ে দিল, অতীতে ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যাওয়া নেতাদের হিসাব এবার কড়ায়-গণ্ডায় বুঝে নিচ্ছে প্রশাসন।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার