২১৫ জন কর্মীর বেতন ৫১ লক্ষ, অফিস ভাড়াই মাসে ১ কোটি! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর নথি
নয়াদিল্লি: ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালতে উঠে এল কালীঘাট তৃণমূলের বিপুল অর্থমূল্যের বিস্ফোরক তথ্য। মা-মাটি-মানুষের দল হিসেবে নিজেদের দাবি করা তৃণমূল স্রেফ ২১৫ জন কর্মীর বেতন বাবদ প্রতি মাসে খরচ করে ৫১ লক্ষ ২৩ হাজার টাকারও বেশি। এখানেই শেষ নয়, ১৭টি দলীয় অফিসের ভাড়া বাবদ প্রতি মাসে ব্যয় হয় ১ কোটি টাকা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে শুনানির সময় তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল দলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার যুক্তিতে এই অকল্পনীয় খরচের খতিয়ান পেশ করেন।ব্যাংক অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি চেয়ে তৃণমূল আইনজীবী সওয়াল করলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে চাঞ্চল্যকর দাবি পেশ করে। ইডির আইনজীবী এসভি রাজু জানান, তৃণমূলের মোট ৪২টি অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৬টি ফ্রিজ করা হয়েছে এবং অব্যাহত থাকা অন্য অ্যাকাউন্টগুলিতেই প্রায় ১২০ কোটি টাকা গচ্ছিত রয়েছে, যা দিয়ে অনায়াসে দল পরিচালনা সম্ভব। উভয় পক্ষের যুক্তি শুনে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলেও, বিশেষ স্পেশাল অফিসারের নজরদারিতে দৈনন্দিন খরচের টাকা তোলার সাময়িক অনুমতি দিয়েছে বেঞ্চ। তবে একটি আঞ্চলিক দলের প্রতি মাসে এমন বিপুল কোটি কোটি টাকার খরচের বহর ও আয়ের উৎস ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।[TECHTARANGA-POST:11609]হিডেন স্টোরিজ নিউজ