খুলছে ‘মেসি কাণ্ড’-এর ফাইল! টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শকরা? কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?
কলকাতা: গত বছরের ডিসেম্বরে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসির সফর ছিল এক দুঃস্বপ্নের মতো। যুবভারতীতে সেই বিশৃঙ্খলা আর কোটি কোটি টাকার টিকিটের প্রতারণা কি তবে এবার বিচারের পথে? মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই ‘মেসি কাণ্ড’ নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি স্পষ্ট জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলের এই কেলেঙ্কারির ফাইল তিনি তলব করেছেন।[TECHTARANGA-POST:9045]মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, “মেসি কাণ্ড আমাদের ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি ইতিমধেই এই সংক্রান্ত ফাইল চেয়ে পাঠিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে আমি মিটিং করব এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।” তাঁর এই মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন কয়েক হাজার দর্শক, যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে মেসিকে ঠিক মতো দেখতে পাননি।[TECHTARANGA-POST:9034]১৩ ডিসেম্বরের ‘দ্য গোট ট্যুর’-এ মেসি ও সুয়ারেজদের দেখতে আসা দর্শকদের টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, আগের সরকারের আমলে সব বিভাগেই ‘অন্তর্ঘাত’ ছিল। ক্রীড়াক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে, জনগণের দুঃখ ঘোচাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে ভবিষ্যতে এমন একটি মেগা ম্যাচ করানোর চেষ্টা করা হবে, যা দর্শকদের পুরনো ক্ষতে প্রলেপ দেবে।[TECHTARANGA-POST:8996]মেসি কাণ্ডের মূল আয়োজক শতদ্রু দত্তকে সেই সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল এবং ৩৮ দিন জেলও খাটতে হয়েছিল তাঁকে। শতদ্রু সম্প্রতি জানিয়েছেন যে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা মেসিকে আবারও ভারতে আনতে চান। তবে কলকাতায় আনতে গেলে নতুন সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা চান তিনি। উল্লেখ্য, সেই রাতের বিশৃঙ্খলার জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীদের দিকেই আঙুল তুলেছিল বিজেপি।