৩৫ দিন নয়, আগের নিয়মেই মিলবে গ্যাস! সিলিন্ডার বুকিং নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্র
নয়াদিল্লি: বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির আবহে রান্নার গ্যাসের জোগান নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা নিয়ে ছড়িয়ে পড়া এক ‘গুজব’ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। দাবি করা হচ্ছিল, এবার থেকে ১৪.২ কেজির সিলিন্ডার বুক করার জন্য ২৫ দিনের বদলে ৩৫ দিন অপেক্ষা করতে হবে। যাঁদের ডাবল সিলিন্ডার আছে, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নয়া নিয়ম। কিন্তু, বুধবার এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমায় নতুন করে কোনও বদল করা হয়নি।এদিন মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত (Panic) না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুত রয়েছে। বর্তমানে যে নিয়মগুলি কার্যকর রয়েছে, সেগুলি হল - শহরাঞ্চল: একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর পরবর্তী বুকিং করা যাবে।গ্রামীণ এলাকা: গ্রামগঞ্জের গ্রাহকদের ক্ষেত্রে পরবর্তী বুকিংয়ের জন্য অপেক্ষা করতে হবে ৪৫ দিন।১০ কেজি সিলিন্ডার: কম্পোজিট বা ছোট ১০ কেজি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও ডেলিভারির ২৫ দিন পর আবার বুকিং করা যাবে।উজ্জ্বলা যোজনা: ৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে বুকিংয়ের সময়সীমা রাখা হয়েছে ১৬ দিন।বেশ কিছু জায়গায় অভিযোগ উঠছিল যে সিলিন্ডার বুক করতে সমস্যা হচ্ছে বা তা হাতে পেতে দেরি হচ্ছে। তার মাঝেই ‘৩৫ দিনের নিয়ম’ নিয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। মন্ত্রক জানিয়েছে, এক্ষেত্রে যান্ত্রিক বা স্থানীয় কোনও সমস্যা থাকতে পারে। কিন্তু, সরকারিভাবে সময়সীমা বাড়ানো হয়নি।তবে, বুকিংয়ের নিয়ম ফের না বদলালেও চলতি মাসেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। কলকাতায় সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়ে বর্তমানে ৯৩৯ টাকায় বিকোচ্ছে এলপিজি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে জোগানে সাময়িক সমস্যা থাকলেও কেন্দ্র আশ্বস্ত করেছে যে ঘাটতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।