ইতিহাস গড়ল অসম: রানওয়ে নয়, জাতীয় সড়কে নামল প্রধানমন্ত্রীর বিশালাকার C-130J বিমান!
গুয়াহাটি: ভারতীয় বায়ুসেনার রণকৌশল ও পরিকাঠামোর এক অভাবনীয় প্রদর্শন দেখল দেশবাসী। কোনও সুসজ্জিত বিমানবন্দর বা এয়ারফিল্ডে নয়, শনিবার অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপর তৈরি বিশেষ রানওয়েতে জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশালাকায় C-130J সুপার হারকিউলিস বিমান। উত্তর-পূর্ব ভারতের প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় একে এক 'ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করা হচ্ছে।ভোটমুখী অসমে একদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। চাবুয়া এয়ারফিল্ড থেকে ওড়ার পর ৩৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত পথে তৈরি ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ELF)-এ অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানটি। অবতরণের পর সেখানে আয়োজিত প্রায় ৪০ মিনিটের এক বর্ণাঢ্য এয়ার শো-তে নিজেদের শক্তি প্রদর্শন করে বায়ুসেনার তেজস, সুখোই এবং রাফালের মতো অত্যাধুনিক ফাইটার জেটগুলি।প্রধানমন্ত্রী নিজেই এক্স (টুইটার) হ্যান্ডেলে এই পরিকাঠামোকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। এর বৈশিষ্ট্যগুলি হল - কৌশলগত সুবিধা: ১০০ কোটি টাকা ব্যয়ে ৪.২ কিলোমিটার দীর্ঘ এই পথটি মোরান বাইপাসের উপর তৈরি করা হয়েছে।বিশাল ক্ষমতা: এই পথটি ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং ৭৪ টন ওজনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বহনে সক্ষম।বিকল্প এয়ারফিল্ড: আপৎকালীন পরিস্থিতিতে এটি ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে সামরিক ও অসামরিক—উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।ত্রাণ ও উদ্ধারকাজ: যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত ত্রাণ পাঠানো এবং সৈন্য মোতায়েনের ক্ষেত্রে এই হাইওয়ে রানওয়ে বিশেষ সাহায্য করবে।উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের বারমেরে দেশের প্রথম এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটির উদ্বোধন করা হয়েছিল।এদিন শুধুমাত্র হাইওয়েতে অবতরণই নয়, অসমের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। যেমন - উত্তর গুয়াহাটির সঙ্গে সংযোগকারী দীর্ঘ প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করেন তিনি। যা যানজট ও যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে। গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)-এর অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন মোদী। এবং শহরের দূষণ কমাতে ১০০টি ইলেকট্রিক বাসেরও আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে।সরকারি কর্মসূচির পাশাপাশি গুয়াহাটিতে দলীয় কর্মীদের সঙ্গেও একটি বিশেষ সভায় অংশ নেন নরেন্দ্র মোদী। আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই হাইওয়ে ল্যান্ডিং এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অসমের রাজনীতি ও নিরাপত্তা — উভয় ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।