Alcohol License Rules: মদের দোকান খোলার লাইসেন্সে বড় বদল নবান্নের! বদলে গেল দূরত্বের নিয়মও, দেখে নিন বিশদে
কলকাতা: মদের দোকান খোলার লাইসেন্স প্রদান এবং তার বিধি-নিষেধে বড়সড় রদবদল আনল রাজ্য সরকার। সম্প্রতি প্রকাশিত পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩-এর সংশোধন অনুযায়ী, এখন থেকে ‘নতুন সাইট’ এবং ‘বিদ্যমান সাইট’-এর সংজ্ঞা আরও স্পষ্ট করা হয়েছে। কোনও বন্ধ হয়ে যাওয়া দোকানও যাতে নতুন করে খোলার কিংবা নতুন লাইসেন্স পাওয়ার সুযোগ পায়, সেই পথও সুগম করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে দূরত্ব সংক্রান্ত নিয়মে। শহর ও শহরতলিতে এতদিন ধর্মীয়, শিক্ষাগত ও স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান থেকে দোকানের ন্যূনতম দূরত্ব ছিল ১,০০০ ফুট বা প্রায় ৩০৫ মিটার। নয়া নিয়মে সেই দূরত্ব বাড়িয়ে করা হয়েছে ৫০০ মিটার। অন্যদিকে, পুরসভা এলাকার বাইরে অর্থাৎ গ্রামীণ বা শহরতলি সংলগ্ন অঞ্চলে এই দূরত্বের সীমানা নির্ধারিত হয়েছে ১ কিলোমিটার। যেসব প্রতিষ্ঠানে একাধিক প্রবেশপথ রয়েছে, সেগুলির যেকোনো একটি দরজার নির্দিষ্ট সীমার মধ্যে প্রস্তাবিত জায়গাটি পড়লেও এই কড়া বিধিনিষেধ প্রযোজ্য হবে। তবে নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই নিয়ম লাগু হলেও পুরনো বা বর্তমানে চালু থাকা দোকানগুলির জন্য এই শর্ত কার্যকর করা হচ্ছে না।নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির যদি এফএল ট্রেড লাইসেন্স থাকে, তাহলে তিনি নির্দিষ্ট কিছু শর্ত এবং আবগারি বিধির নির্দেশিকা মেনে নতুন সাইটে ৪(ই) শ্রেণির খুচরো লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই কেল্লাফতে নয়, সংশ্লিষ্ট আবেদনকারীর প্রস্তাবিত জায়গা নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের কালেক্টর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন। এলাকাটিতে কোনও আপত্তি, অশান্তির আশঙ্কা বা আইনি বাধা আছে কিনা তা খতিয়ে দেখার পরেই চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল পাঠানো হবে আবগারি কমিশনারের দফতরে। প্রয়োজনীয় নির্ধারিত ফি জমা দিলে ধাপে ধাপে মিলবে এই লাইসেন্স। বিদেশি মদের ‘অন’ লাইসেন্সের ক্ষেত্রে যেমন কঠোরতা আনা হয়েছে, তেমনই শপিং মল ও বড় শপিং সেন্টারগুলিতে থাকা বিয়ার, এলএবি ও ওয়াইন শপগুলির জন্যও আনা হয়েছে একাধিক তাৎপর্যপূর্ণ সংশোধন। কিছু পুরনো ও নতুন লাইসেন্স-শ্রেণিকে যুক্ত করে মলগুলিতে ব্যবসা চালানোর সুযোগ আরও স্পষ্ট করা হয়েছে। সরকারের এই ব্যবসাবান্ধব ও সুনির্দিষ্ট পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মদ ব্যবসায়ীরা। তাঁদের মতে, স্বচ্ছতা আসার ফলে বহু ব্যবসায়ী উপকৃত হবেন।[TECHTARANGA-POST:13229]