টিকিট পেলেন হিরণ-রূপা, অর্জুন-কৌস্তভেও ভরসা পদ্ম শিবিরের, সন্দেশখালির লড়াইয়ে ফের রেখা পাত্র
কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল - দুই দফায় ভোট হবে রাজ্যে। তার আগেই প্রার্থিতালিকা ঘোষণায় তৎপরতা বাড়াল বিজেপি। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর পর, দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।[TECHTARANGA-POST:7436]বিজেপির এই তালিকায় সবথেকে বড় চমক টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে এবার হাওড়ার শ্যামপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতার নজরকাড়া লড়াই হতে চলেছে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। সেখানে বিজেপির তারকা নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তৃণমূলের তারকা বিধায়ক লাভলি মৈত্র।[TECHTARANGA-POST:7428]ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বড় বাজি ধরেছে বিজেপি। নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন আইনজীবী কৌস্তভ বাগচী। তবে জল্পনা ছিল, আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে ওই কেন্দ্রে টিকিট দেওয়া হতে পারে। কিন্তু, দ্বিতীয় তালিকায় তেমন কোনও ঘোষণা সামনে আসেনি। পরে যদিও তিলোত্তমার মা এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। [TECHTARANGA-POST:7427]সন্দেশখালি আন্দোলনের রেশ ধরেও বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। হিঙ্গলগঞ্জ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আন্দোলনের পরিচিত মুখ রেখা পাত্রকে। এছাড়া, মূল সন্দেশখালি কেন্দ্রে লড়বেন সনৎ সর্দার। উত্তর ২৪ পরগনায় মতুয়া গড়ে বিদায়ী বিধায়কদের উপরই আস্থা রেখেছে দল। বনগাঁ উত্তর (অশোক কীর্তনিয়া), বনগাঁ দক্ষিণ (স্বপন মজুমদার) এবং গাইঘাটায় (সুব্রত ঠাকুর) পুরনো মুখরাই লড়বেন। জগদ্দল কেন্দ্রে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি।[TECHTARANGA-POST:7423]কলকাতার লড়াইয়ে মানিকতলায় প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস রায়। এন্টালিতে লড়বেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বেহালা পশ্চিমে লড়বেন যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ। এছাড়া, ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এগরা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে মাথাভাঙা কেন্দ্রে।[TECHTARANGA-POST:7434]সুতরাং, ১১২টি আসনে নাম ঘোষণার পর এখন আর মাত্র ৩৮টি কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ করা বাকি রইল বিজেপির। দ্বিতীয় দফার এই তালিকায় ২০ জন মহিলা প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। আবার, প্রথম দফার তালিকা থেকে বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী অগ্নিশ্বর নস্করকে বদলে বিশ্বজিৎ খাঁকে টিকিট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে মাত্র দু-দফায় ভোট হতে চলেছে। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে।