মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট দিলেন মোদী! ভিডিয়ো ভাইরাল হতেই হুড়মুড়িয়ে ৫% বাড়ল ভুল কোম্পানির শেয়ার দাম!
মুম্বই: আন্তর্জাতিক কূটনীতি ছাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রসায়ন বা ‘মেলোডি’ (Melodi) ম্যাজিক এবার আছড়ে পড়ল খোদ ভারতের শেয়ার বাজারে! মেলোনিকে মোদীর ‘মেলোডি’ চকোলেট উপহার দেওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই মঙ্গলবার দালাল স্ট্রিটে এক অভূতপূর্ব কাণ্ড ঘটে গেল। এক ধাক্কায় প্রায় ৫ শতাংশেরও বেশি বেড়ে গেল ‘পার্লে’র শেয়ার মূল্য! আর, চকোলেটটি কেনার জন্য সাধারণ মানুষের মধ্যে এমন হুড়োহুড়ি পড়ে গিয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে রাতারাতি এর স্টক শেষ হতে বসেছে![TECHTARANGA-POST:9311]বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে দুই রাষ্ট্রনেতার এই মিষ্টি ভিডিয়োটি ঝড়ের গতিতে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি হাসতে হাসতে বলছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” দুই রাষ্ট্রনেতার এই হাসিমুখের ভিডিয়ো দেখে নেটিজেনরাও মজেছেন সেই চকোলেটি সংলাপে — “মেলোডি এত চকোলেটি কেন?” আর, এই উন্মাদনার জেরেই মঙ্গলবার সকালে শেয়ার বাজারে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর ইনট্রাট্রেড শেয়ারের মূল্য ৫.২৫ টাকা বেড়ে যায়।[TECHTARANGA-POST:9307]তবে, এই শেয়ার দরবৃদ্ধির পিছনে লুকিয়ে রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এক মস্ত বড় ভুল বা বিভ্রান্তি! ওয়াকিবহাল মহল ও বাজার বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, মোদীর উপহার দেওয়া ‘মেলোডি’ চকোলেটের সঙ্গে শেয়ার বাজারে নথিভুক্ত ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ (Parle Industries)-এর দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। ‘মেলোডি’ চকোলেটের আসল প্রস্তুতকারক সংস্থা হল ‘পার্লে প্রোডাক্টস’ (Parle Products)।যদিও দুটি সংস্থাই অতীতে একই পারিবারিক ব্যবসা থেকে তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে তারা সম্পূর্ণ পৃথক দুটি কোম্পানি এবং ভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। সবচেয়ে বড় বিষয়, ‘মেলোডি’ বা ‘পার্লে-জি’ প্রস্তুতকারক আসল সংস্থা ‘পার্লে প্রোডাক্টস’ শেয়ার বাজারে নথিভুক্তই (Listed) নয়! তা সত্ত্বেও শুধুমাত্র ‘পার্লে’ নামের মিল দেখে বিনিয়োগকারীরা হুড়মুড়িয়ে ভুল কোম্পানির শেয়ার কিনতে শুরু করেন! যার জেরে নামমাত্র ব্যবসা করা ‘পারলে ইন্ডাস্ট্রিজ’-এর কপাল খুলে যায়।[TECHTARANGA-POST:9284]প্রধানমন্ত্রীর ইতালি সফরে দুই দেশের রাষ্ট্রনেতার সুসম্পর্ক আবারও নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। এর আগেও একাধিকবার মোদী-মেলোনির সেলফি ভাইরাল হয়েছে। এবার রোমের বুকে মোদীকে স্বাগত জানিয়ে মেলোনি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন — “রোমে স্বাগত, আমার বন্ধু!”